Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুকে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে প্রয়াত অভিনেতার আত্মার শান্তি কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বুধবার সকাল সাড়ে সাতটার দিকে মুম্বাইয়ের খার হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলীপ কুমার। গত ৩০ জুন শ্বাসকষ্ট নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৯৮ বছর বয়সী অভিনেতা। এক সপ্তাহের চিকিৎসায় বেশ সুস্থও হয়েছিলেন। কিন্তু বুধবার সূর্যের আলো ফুটতেই আচমকা আসে তাঁর মৃত্যুর খবর।

বুধবার বিকালেই দিলীপ কুমারকে মুম্বাইয়ের সান্তাক্রুজ কবরস্থানে দাফন করা হয়েছে। বর্ষীয়ান এই অভিনেতাকে হারিয়ে শোকে কাতর গোটা বলিউড। বহু তারকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোক জানিয়েছেন এবং অভিনেতার আত্মার শান্তি কামনা করেছেন। কেউ কেউ আবার সশরীরে বাড়িতে গিয়ে দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানুকে সান্ত্বনা জানিয়েছে এসেছেন।

১৯৪৪ সালে বলিউডে অভিষেক হয়েছিল দিলীপ কুমারের। দীর্ঘ ক্যারিয়ারে বহু হিট ছবি উপহার দিয়েছেন তিনি। আটটি ফিল্মফেয়ার, পদ্মশ্রী, পদ্মবিভূষণ ও দাদাসাহেব ফালকেসহ পুরস্কারও পেয়েছেন রেকর্ড পরিমান। যার কারণে তাঁর নাম গিনেস বুক অব ওয়ার্ল্ডে রেকর্ড করা আছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮  জুলাই ২০২১ /এমএম


Array