প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের দেয়া বিধিনিষেধ না মেনে কোনো কারণ ছাড়া বাইরে ঘুরে বেড়ানো এবং লকডাউন দেখতে বের হওয়ায় শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কোনো কারণ ছাড়া বাইরে ঘুরে বেড়ানোর কারণে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের অনেকে লকডাউন দেখতে বের হয়েছিল। মিরপুর বিভাগের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করা হয়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। এরমধ্যে কাউকে সাজা দেয়া হবে, কেউ ছাড়া পাবেন। অনেক কিশোর আছে যারা সাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। তাদেরকে পরিবারের জিম্মায় দেয়া হবে। পাশাপাশি দুজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে অর্ধশত যানবাহনকে মামলার আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, মিরপুরের বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট। এসব চেকপোস্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন।
এছাড়া সকালের দিকে শাহবাগে ভ্রাম্যমাণ আদালতে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। স্বাস্থ্যবিধি না মানা এবং বিধিনিষেধ অমান্য করায় তাদেরকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হয়েছে। যা আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকবে। এই সময়ে মানুষের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা রয়েছে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০১ জুলাই ২০২১ /এমএম





