Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে দুই টাইগার তারকা মেহেদী হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ দল। ভালো পারফরম্যান্সের পুরস্কার ইতোমধ্যে পেয়েও গেলেন এই দুই তারকা ক্রিকেটার। সদ্য প্রকাশিত আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠে এসেছেন স্পিনার মেহেদী মিরাজ। আর নয়ে উঠেছেন মোস্তাফিজ।

চলতি সিরিজের প্রথম ওয়ানডেতে ৩০ রান খরচায় ৪ উইকেট নেন উদীয়মান টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ। ধারাবাহিকতা বজায় রেখে পরের ম্যাচে তার শিকার ২৮ রানে ৩ উইকেট। দুই ম্যাচে ২০ ওভারে মাত্র ৫৮ রান খরচায় ৭ উইকেট নেয়ার সুবাদেই র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর থেকে উঠে গেছেন দুইয়ে। দুই নম্বরে থাকা মেহেদি মিরাজের নামের পাশে রয়েছে ৭২৫ রেটিং পয়েন্ট।

বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে আইসিসির কোনো র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুইয়ে প্রবেশ করলেন মেহেদি মিরাজ। তার আগে ২০১০ সালে বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকও বসেছিলেন দুই নম্বর স্থানে। এছাড়া অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে প্রায় এক যুগ ধরে শীর্ষস্থানটিই নিজের করে রেখেছেন সাকিব আল হাসান।

এদিকে বল হাতে প্রথম ম্যাচে ৩৪ রানের খচরায় ৩টি উইকেট এবং দ্বিতীয় ম্যাচে মাত্র ১৬ রান দিয়ে লুফে নেন ৩টি উইকেট। এরই সুবাদে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তারও। আট ধাপ এগিয়ে তিনি আছেন নবম অবস্থানে। তার রেটিং পয়েন্ট ৬৫২।

এদিকে ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে ৭৩৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। দুইয়ে মেহেদী হাসান মিরাজ। তার পেছনে রয়েছেন মুজিব উর রহমান, যার ঝুলিতে আছে ৭০৮ পয়েন্ট। এ তিনজনেরই রয়েছে সাতশ’র বেশি রেটিং।এছাড়া ম্যাট হেনরি রয়েছেন চারে এবং পাঁচে রয়েছেন জাসপ্রিত বুমরাহ।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৭ মে ২০২১ /এমএম

 


Array