আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: করোনা মহামারীর দুর্যোগময় এই মুহূর্তে সারা পৃথিবী যখন তোলপাড় ঠিক সেই মুহূর্তে “ফুড ড্রাইভ” নামক এক ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি । এই কর্মসূচির মধ্যে এসোসিয়েশন রমজান মাসে প্রবাসী বাঙ্গালীদের মাঝে ইফতার বিতরণ এবং ফুড ডেলিভারি দিবে কানাডার ফুড ব্যাংকে।
ইতিমধ্যেই বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি প্রবাসী বাঙ্গালীদের কাছ থেকে বিভিন্ন শুকনা খাবার এবং ইফতারের জন্য অর্থ সংগ্রহ শুরু করেছে। কর্মসূচির মধ্যে পুরো রমজান মাসে প্রতি শনিবার ও রবিবার বাংলাদেশ সেন্টারে অর্থ ও ফুড সংগ্রহ করা হবে।
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মোঃ রশিদ রিপন জানালেন-আমরা সবাই যখন এক সংকটময় মুহুর্ত অতিক্রম করে চলেছি ঠিক সেই মুহূর্তে কানাডার ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী বাঙ্গালীদের মাঝে ইফতার সামগ্রী তাদের ঘরে পৌছে দেয়া এবং কানাডিয়ান ফুড ব্যাংকে কানাডিয়ানদের মধ্যে শুকনো খাবার বিতরনের এক ব্যাতিঐমী কর্মসূচি হাতে নিয়েছি যাতে করে রমজান মাসে প্রবাসী বাঙালিরা সুষ্ঠুভাবে ঘরে বসে ইফতারি করতে পারে এবং আশ্রয়হীনদের কিছু টা হলেও খাদ্য সংকট দূর হবে। পুরো রমজান মাসব্যাপী এই কর্মসূচি চলবে। যে কেউ তার নিজ সাধ্যমত অর্থ অথবা শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করে শরিক হতে পারবেন।
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সাধারণ সম্পাদক জয়ন্ত বসু বললেন-সেবামূলক এই কর্মসূচিতে ইতিমধ্যেই ক্যালগেরির প্রবাসী বাঙ্গালীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি, আশাকরি সবাই কম-বেশি এই কর্মসূচিতে অংশ নেবেন। আমাদের উদ্দেশ্য সারাবিশ্বের ক্রান্তিকালের এই মুহূর্তে কিছুটা হলেও মানবসেবায় এগিয়ে আসা।
উল্লেখ্য বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি শুধু এই কর্মসূচিই নয়, প্রবাসী বাঙ্গালীদের মাঝে নিয়মিত সেবা এবং বিভিন্ন জনহিতকর কাজে অংশগ্রহণ করে থাকে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১১ এপ্রিল ২০২১ /এমএম









