প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: পশ্চিমবঙ্গে বলছে বিধানসভার নির্বাচন। এ উপলক্ষে বর্তমানে উত্তপ্ত রাজ্য রাজনীতি। উত্তেজনা রয়েছে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। কারণ এবার রেকর্ড পরিমাণ তারকাকে বিজেপি ও তৃণমূল কংগ্রেস থেকে বিভিন্ন কেন্দ্রের প্রার্থী করা হয়েছে।যার যার আসনের ভোটকে সামনে রেখে তারা এখন মনোনয়ন পত্র এবং তার সঙ্গে হলফনামায় সম্পত্তির পরিমাণ দাখিল করতে ব্যস্ত। সেই ধারাবাহিকতায় মনোনয়ন পত্রের সঙ্গে শনিবার নিজের সম্পত্তির হলফনামা জমা দিয়েছেন টলিউডের অন্যতম সেরা সুন্দরী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
এবারের বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব কেন্দ্র থেকে বিজেপির টিকিট পেয়েছেন এই নায়িকা। তার এলাকার ভোটকে সামনে রেখে শনিবার তিনি নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র ও হলফনামা জমা দিয়েছেন। সেখানে নায়িকার যে পরিমাণ সম্পত্তির কথা উল্লেখ আছে, তা দেখলে আপনারও চোখ কপালে উঠবে।
শ্রাবন্তীর হলফনামা থেকে জানা গেছে, এই মুহূর্তে বিজেপির তারকা প্রার্থীর কাছে রয়েছে নগদ ১ লাখ টাকা। অভিনেত্রীর এইচডিএফসি ব্যাংকে দুটি অ্যাকাউন্ট রয়েছে। তার একটিতে রয়েছে ১ কোটি ১০ লাখ ৬১ হাজার ৫৫১ টাকা এবং অন্যটিতে রয়েছে ৫০ হাজার টাকা।মিউচুয়াল ফান্ড ও জীবন বিমায়ও বিনিয়োগ রয়েছে শ্রাবন্তীর। তার ৭ লাখ টাকার একটি মিউচুয়াল ফান্ড রয়েছে। জীবনবিমা রয়েছে ১০ লক্ষ টাকার। সব মিলিয়ে বিনিয়োগ রয়েছে মোট ১ কোটি ২৮ লাখ ১১ হাজার ৫৫১ টাকা।
দুটি দামি গাড়ি রয়েছে শ্রাবন্তীর। একটি অডি কিউ সেভেন এবং অন্যটি মারুতি ব্যালেনো। অডির দাম ৫৩ লাখ ২১ হাজার ১৬৮ টাকা এবং মারুতি ব্যালেনোর দাম ৭ লাখ ৮৬ হাজার ২৫০ টাকা। ২০১৯ সালে এই দুটি গাড়ি কেনেন অভিনেত্রী।সোনা, হিরা, প্ল্যাটিনাম মিলিয়ে শ্রাবন্তীর কাছে মোট ২৯ লাখ ৭২ হাজার ২০০ টাকার গয়না রয়েছে। তার কাছে হিরা রয়েছে ২০ লাখ ১২ হাজার ৪৫০ টাকার এবং ১২ লাখ ১৮ হাজার ৮২০ টাকার প্ল্যাটিনামের গয়না রয়েছে।
এর বাইরে ১ লাখ ৪৪ হাজার ৫০০ টাকার একটি হাতঘড়ি রয়েছে বলে হলফনামায় জানিয়েছেন বেহালা পূর্বের বিজেপি প্রার্থী।২০১৭ সালে শ্রাবন্তী নিজের নামে চাষের জমিও কিনে রেখেছেন। দক্ষিণ ২৪ পরগনার লেদার কমপ্লেক্স-এ ৬ বিঘা ১০ কাঠার একটি চাষ জমি রয়েছে তার। যার বর্তমান বাজার মূল্য ৮ লাখ টাকা।
বেহালার পর্ণশ্রীতে ১২৭১ স্কোয়ার ফিট ও ২২০০ স্কোয়ার ফিটের দুটি ফ্ল্যাট রয়েছে শ্রাবন্তীর। যেগুলোর একটি ২০১২ এবং ২০১৫ সালে কিনেছিলেন অভিনেত্রী। প্রথম ফ্ল্যাটটির দাম বর্তমানে ৪০ লাখ টাকা ও দ্বিতীয় ফ্ল্যাটটির দাম ১ কোটি ৪০ লাখ টাকা।
১ কোটি ৮৮ লাখ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে শ্রাবন্তীর। মোট ২ কোটি ৫৩ লাখ ৬৬ হাজার ৯৩৯ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে তার। শ্রাবন্তীর নামে একটি ঋণও আছে। গাড়ি কিনতে এইচডিএফসি ব্যাংক থেকে তিনি ৩৮ লাখ ১২ হাজার ৪৫৬ টাকা ঋণ নিয়েছিলেন।
এবারই প্রথম রাজনীতিতে নামলেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী। গত ১ মার্চ তিনি বিজেপিতে যোগ দেন। এর আগে বিজেপিতে যোগ দেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, রুদ্রনীল ঘোষ, পায়েল সরকার ও পাপিয়া অধিকারী।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৪ এপ্রিল ২০২১ /এমএম





