Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: গত বছর লকডাউনের পর থেকে একসঙ্গে এক ফ্ল্যাটে থাকতে শুরু করেন বলিউডের এই সময়ের জনপ্রিয় লাভবার্ডস রণবীর কাপুর ও আলিয়া ভাট। কিছুদিন আগে রণবীর করোনায় আক্রান্ত হলে আলাদা থাকতে শুরু করেন আলিয়া। তিনি করোনা টেস্টও করান। সে সময় রিপোর্ট নেগেটিভ আসে।

সম্প্রতি রণবীর করোনা থেকে সেরে উঠেছেন। কিন্তু দুঃখজনক ভাবে এবার আলিয়া ভাটের করোনা রিপোর্ট পজিটিভ। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সেক্রেটারি অশোক দুবের বরাত দিয়ে এমন খবরই প্রকাশ করেছে ভারতের একাধিক সংবাদমাধ্যম।

এদিকে, বৃহস্পতিবার মধ্যরাতে ইনস্টাগ্রাম স্টোরিতে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান আলিয়াও। তিনি লেখেন, বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। বাড়িতেই প্রয়োজনীয় চিকিৎসা নেবেন। পাশাপাশি ভারত সরকারের জারিকৃত সব ধরনের স্বাস্থ্যবিধিও মেনে চলবেন বলে জানান।

এর আগে গত ৯ মার্চ আলিয়ার বর্তমান প্রেমিক রণবীর কাপুরের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনিও বাড়িতে আইসোলেশনে থেকে প্রয়োজনীয় চিকিৎসা নেন এবং সম্প্রতি করোনামুক্ত হন।

রণবীরের সঙ্গে ওই সময় করোনা আক্রান্ত হন আলিয়ার মুক্তি প্রতিক্ষীত ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র নির্মাতা সঞ্জয় লীলা বানসালিও। তিনি বর্তমানে সেরে ওঠার পথে। এবার করোনার সঙ্গে লড়াই শুরু হলো আলিয়ার। তিনিও এই ভাইরাসকে পরাজিত করে ফিরবেন বলে আশাবাদী নায়িকার ভক্তরা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২ এপ্রিল ২০২১ /এমএম


Array