প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: এবার বইমেলায় প্রকাশ হয়েছে অভিনেতা ও গায়ক তাহসান রহমানের লেখা প্রথম বই ‘অনুভূতির অভিধান’। বইটি মেলায় বেশ ভালো সাড়া পাচ্ছে বলে জানিয়েছেন তাহসান। অভিনেতা বলেন, বইটি যারা পড়েছেন তাদের সবার কাছ থেকে প্রশংসা পেয়েছি। আগামী সপ্তাহে বইমেলায় যাবো। সে সময় পাঠকদের সরাসরি প্রতিক্রিয়া পাবো।’
তাহসানের ‘অনুভূতির অভিধান’ বইটির বিষয়বস্তু কী? দেশের জনপ্রিয় এই তারকা ও সমাজকর্মী জানান, ‘বইটিতে অনুভূতি চর্চার কথা তুলে ধরেছি। অনুভূতির চর্চার মাধ্যমে পৃথিবী সুন্দর হয়- এটিই আমি বিশ্বাস করি। এখানে ২০টি গল্পে রয়েছে নিজস্ব প্রাণ। পাশাপাশি রয়েছে ২০টি কবিতাও।’
এদিকে, শুধু তাহসানের নয়, তার সাবেক স্ত্রী মিথিলা রশীদ ও মেয়ে আইরার লেখা শিশুদের একটি ভ্রমণ কাহিনির বইও প্রকাশ হয়েছে এবারের বইমেলায়। নাম ‘তানজানিয়ার দ্বীপে’। গত ২৭ মার্চ বইটির মোড়ক উন্মাচন করা হয়। এ উপলক্ষে এবং একটি সিনেমার কাজের জন্য মেয়ে আইরাসহ মিথিলা বর্তমানে ঢাকায়।
এই সুযোগে বর্তমানে তাহসানের সময় কাটছে মেয়ে আইরার সঙ্গে। কাজ থেকে বিরতি নিয়ে সময় দিচ্ছেন মেয়ে আইরাকে। থাকছেন বাসায়। যদিও এরই মধ্যে নিজের নতুন গান ‘সেই তুমি কে’-এর মিউজিক ভিডিওর পরিকল্পনা করে ফেলেছেন তাহসান। শিগগিরই কক্সবাজারে সেটির দৃশ্যধারণ হবে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩০ মার্চ ২০২১ /এমএম





