প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আইপিএল খেলতে গত শনিবার ভারতে পৌঁছান টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আর গতকাল (রবিবার) তিনি যোগ দিয়েছেন মুম্বাইয়ে নাইট রাইডার্স ক্যাম্পে। রবিবার সন্ধ্যায় সাকিব আল হাসানের দলের ক্যাম্পে যোগ দেওয়ার খবরটি জানানো হয় কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকেই। মুম্বাইয়ে নাইট শিবিরে যোগ দিয়ে আপাতত সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে প্রবেশ করেছেন সাকিব।এদিন হোটেলরুমে সাকিবের ছবি পোস্ট করে কেকেআর ক্যাপশনে লেখে, ‘আর শান্ত থাকা যাচ্ছে না। স্বাগত সাকিব। দেখুন কে চেক-ইন করেছেন।’
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ না খেলে সাকিবের আইপিএল খেলার বিষয়টি নিয়ে কম জলঘোলা হয়নি। ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আইপিএল খেলতে চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে চিঠি দেন সাকিব। আবেদনের প্রেক্ষিতে সাকিবকে আইপিএল খেলতে যাওয়ার অনুমতি দেয় বিসিবি। তবুও বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। প্রশ্ন ওঠে সাকিবের দেশপ্রেম নিয়ে। পরে সাকিব স্পষ্ট বলেন, তিনি ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আইপিএলে খেলতে চান। টেস্টের প্রতি তার অনীহা বিষয়টি এমন না।
আগামী ১১ এপ্রিল সানিরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে কলকাতা যদি প্লে-অফে ওঠে তাহলে প্লে-অফে অংশগ্রহণ করা হবে না সাকিব আল হাসানের। কারণ আগামী ১৮ মে পর্যন্ত সাকিবের নো-অবজেকশন সার্টিফিকেটের মেয়াদ। ২০ মে থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হতে চলা বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশগ্রহণ করতে হবে সাকিবকে। এবারের আইপিএলে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপি দিয়ে দলে নিয়েছে কলকাতা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৯ মার্চ ২০২১ /এমএম





