প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: গত বছরের ২৯ এপ্রিল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান বলিউড অভিনেতা ইরফান খান। মৃত্যুর পর তাকে দেওয়া হলো আজীবন সম্মাননা। শনিবার রাতে ঘোষিত ৬৬তম ফিল্মফেয়ার পুরস্কারে তাকে এই সম্মাননা দেওয়া হয়।শুধু তাই নয়, এবারের ফিল্মফেয়ারে জীবনের শেষ ছবি ‘আংরেজি মিডিয়াম’-এর জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারও জিতেছেন ইরফান।
এদিন ইরফান খানের হয়ে পুরস্কার দুটি গ্রহণ করেন তার স্ত্রী চিত্রনাট্যকার সুতাপা শিকদার। এ সময় সেখানে বলিউড অভিনেতার দুই ছেলে বাবিল এবং আয়ানও উপস্থিত ছিলেন।ইরফান অভিনীত সর্বশেষ ছবি ‘আংরেজি মিডিয়াম’ পরিচালনা করেছেন হোমি আদাজানিয়া। প্রযোজনা করেছেন দিনেশ বিজন। এখানে ইরফানের সহশিল্পীরা হলেন কারিনা কাপুর, রাধিকা মদন ও দীপক দোবরিয়াল। ছবিটি গত বছর মুক্তি পায়।
এর আগে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘হিন্দি মিডিয়াম’ ছবিটির জন্যও শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন প্রয়াত ইরফান খান। ওই ছবিটি পরিচালনা করেন সকেত চৌধুরী। সেখানে ইরফানের সহশিল্পী ছিলেন সাবা কমর, দিশীতা সেহগাল ও দীপক দোবরিয়াল।১৯৮৮ সালে ‘সালাম বম্বে’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় ইরফান খানের। ৩২ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি ৫০টির বেশি ছবিতে কাজ করেছেন। পেয়েছেন ভারতের জাতীয় পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার ও পদ্মশ্রীসহ বহু সম্মাননা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৯ মার্চ ২০২১ /এমএম





