প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ভারতের ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সোমবার বিকালে উচ্চারিত হলো প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নাম। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে সুশান্ত অভিনীত ‘ছিছোড়ে’।কিন্তু ছবির প্রধান অভিনেতাই নেই। তিনি জানতেও পারলেন না। পুরস্কার প্রাপ্তির পর তাই সেটি সুশান্তকেই উৎসর্গ করলেন ছবিটির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।
এই প্রযোজক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘পুরস্কারটি আমরা সুশান্তকে উৎসর্গ করছি। আমরা ওকে হারানোর ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারিনি। আশা করি, এই পুরস্কার সুশান্তের পরিবার ও অনুরাগীদের কাছে কিছুটা হলেও আনন্দ এনে দেবে।’
‘ছিছোড়ে’ পরিচালনা করেছেন নীতিশ তিওয়ারি। তিনি বলেন, ‘এটা আমাদের কাছে চমক ছিল। কারণ আমরা এটা আশাও করিনি। এক্ষেত্রে আমার হৃদয়ে এই মুহূর্তে মিশ্র অনুভূতি রয়েছে। এক পুরস্কার জয়ের আনন্দ, অন্যদিকে হৃদয়ের কাছের একজনকে হারানোর দুঃখ। তবে আমি নিশ্চিত সুশান্ত যেখানেই থাকুন, এই জয়ে তিনি খুশিই হবেন।’
‘ছিছোড়ে’ ছবিতে দুটি বয়সের ভূমিকায় সুশান্ত সিং রাজপুতের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। জানা যায়, ছবিটিতে নিজের চরিত্র পারফেক্ট করে তুলতে অনেক পরিশ্রম করেছিলেন অভিনেতা। তার সেই পরিশ্রমের সাফল্য এলো ঠিকই, তবে একটু দেরিতে।
এই ছবিতে সুশান্তে বিপরীতে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন বরুণ শর্মা, তাহির ভাশিন, প্রতীক বব্বর, তুষার পাণ্ডে, সরশ কুমার শর্মা ও অভিলাশা পাটিলসহ অনেকে। ‘ছিছোড়ে’ মুক্তি পেয়েছিল ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৪ মার্চ ২০২১ /এমএম





