প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে থাকলেও ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ আসলেই যেন হঠাৎ ছন্দ পতন হয়ে যায় লিভারপুলের। সোমবার রাতের আগের দুই ম্যাচে জয়ের দেখা পায়নি ক্লাবটি। অবশেষে উলভারহ্যাম্পটনকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে জয়ের ফিরল জার্গেন ক্লপের শিষ্যরা। ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়োগো জোতা।
প্রথম থেকেই আক্রমণে থাকা লিভারপুল প্রথম সুযোগ পায় ১৩তম মিনিটে। সতীর্থের থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষককে কাটান সাদিও মানে। পরে তার শট ব্লকড হয় ডিফেন্ডারের পায়ে লেগে।
৩৮তম মিনিটে আরেকটি ভালো সুযোগ আসে মানের সামনে। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ক্রসে সেনেগালের এই ফরোয়ার্ডের ডাইভিং হেড পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।
প্রথমার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোছালো আক্রমণে এগিয়ে যায় সফরকারীরা। মানের পাস খুঁজে পায় মোহামেদ সালাহকে। ফিরতি পাস পেয়ে মানে ডি-বক্সে বাড়ান জোতাকে। পর্তুগিজ ফরোয়ার্ডের বাঁ পায়ের নিচু শটে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধে কোনো গোল হয়নি। আর শেষ দিকে সতীর্থের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান উলভারহ্যাম্পটনের গোলরক্ষক রুই প্যাট্রিসিও। খেলা বন্ধ থাকে ১০ মিনিটের বেশি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। ‘কনকাশন’বদলি নামেন জন রুডি।
এ জয়ের ফলে ২৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছে গতবারের চ্যাম্পিয়নরা। তবে তাদের পেছনে থাকা টটেনহ্যাম এবং এভারটন এখনো একটি করে ম্যাচ কম খেলেছে।
আর ৩০ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে বরাবরই শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে নগর প্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬ মার্চ ২০২১ /এমএম





