প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দিয়েগো ম্যারাডোনা আর নেই। খবরটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল ২৫ নভেম্বর। প্রায় চার মাস কেটে গিয়েছে। তবু ম্যারাডোনার মৃত্যু যেন রহস্যই থেকে গিয়েছে। সেই রহস্য উদ্ঘাটনের দাবিতেই গত বুধবার বুয়েন্স আয়ার্সে বিক্ষোভ করেন ম্যারাডোনার ভক্তরা।তাঁদের দাবি, ‘ম্যারাডোনা মারা যাননি, তাঁকে খুন করা হয়েছে’।
চাঞ্চল্যকর এমন দাবি নিয়েই আর্জেন্টিনার রাস্তায় বিক্ষোভে নামেন ম্যারাডোনার ভক্তরা। শুধু ম্যারাডোনার মৃত্যুর কারণ উদঘাটন করা নয়, তাঁদের দাবি ম্যারাডোনাকে যাঁরা খুন করেছেন তাদের শাস্তি দিতে হবে।
বুয়েন্স আয়ার্সের অবেলিস্কো স্মৃতিস্তম্ভ থেকে শুরু হয় পদযাত্রা। আর্জেন্টিনার রাজধানীর বিভিন্ন এলাকায় পতাকা হাতে চলতে থাকে ম্যারাডোনার উদ্দেশে গান গাওয়া। সেই পদযাত্রায় ২ মেয়েকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন ম্যারাডোনার সাবেক স্ত্রী ক্লদিয়া ভিলাফানেও।
ম্যারাডোনার মৃত্যু রহস্য উদঘাটন করতে গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড। নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন ১৯৮৬ সালের বিশ্বকাপের নায়ক। মৃত্যুর কিছু দিন আগে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয়েছিল। তদন্তকারীরা খোঁজার চেষ্টা করছেন ঠিক মতো দেখভাল করা হয়েছিল কি না ম্যারাডোনার।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১২ মার্চ ২০২১ /এমএম





