Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ৬ মার্চ ২০২১, উদীচী যুক্তরাষ্ট্র ও উদীচী স্কুল অব পারফর্মিং আর্টসের যৌথ আয়োজনে সদ্যপ্রয়াত সফি চৌধুরী হারুণের স্মরণসভা অনুষ্ঠিত হয়। উদীচী যুক্তরাষ্ট্রের সহ-সভাপতি এবং উদীচী স্কুল অব পারফর্মিং আর্টসের সংগীত শিক্ষক সফি চৌধুরী হারুণ, আমাদের প্রিয় হারুণ ভাই বিগত ৪ মার্চ ২০২১ ভোর ১টা ১০ মিনিটে এ পৃথিবীর মায়া ছেড়ে চির বিদায় নিয়েছেন। এই স্মরণসভায় যুক্তরাষ্ট্র ছাড়াও বাংলাদেশ এবং কানাডা থেকে অনেকেই যোগ দিয়েছিলেন। স্মরণসভায় সভাপতিত্ব করেন উদীচী যুক্তরাষ্ট্রের সম্মানিত সভাপতি ডঃ মোহাম্মদ আব্দুল্লাহ।

জুমে অনুষ্ঠিত এই অনাড়ম্বর কিন্তু ভাবগম্ভীর স্মরণসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও বিশিষ্ট আবৃত্তিকার বেলায়েত হোসেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রাক্তন সভাপতি সৈয়দ হাসান ইমাম, ডাকসুর প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের প্রাক্তন মহাপরিচালক নাটব্যাক্তিত্ব ম হামিদ, একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব জামালউদ্দিন হোসেন, একুশে পদকপ্রাপ্ত লেখক, বিজ্ঞানী ও উদীচীর উপদেষ্টা ডঃ নুরুন্নবী, স্বাধীন বাংলা বেতারের প্রখ্যাত কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়, প্রখ্যাত অর্থনীতিবিদ ও ইউনিভার্সিটি অব ডেনভার-এর প্রফেসর ডঃ হায়দার এ খান, উদীচীর উপদেষ্টা ও উদীচী স্কুলের বাংলা বিভাগের প্রধান বেলাল বেগ, উদীচীর উপদেষ্টা সৈয়দ মোহাম্মদুল্লাহ্‌, উদীচীর উপদেষ্টা এবং লেখক হাসান ফেরদৌস, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ফাহিম রেজা নূর, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা এবং কবি হাসানাল আব্দুল্লাহ, উদীচী স্কুলের তবলা বিভাগে শিক্ষক প্রখ্যাত তবলাবাদক তপন মোদক, নিউইয়র্কের নাট্যজগতের পরিচিত মুখ ও কৃষ্টির পরিচালক শীতেশ ধর। এছাড়া উদীচী যুক্তরাষ্ট্রের নির্বাহী কমিটির অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই সদ্যপ্রয়াত সফি চৌধুরী হারুণ এবং ১৯৯৯ সালের ৬ মার্চ যশোরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ সম্মেলনে বোমা হামলায় নিহতদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পরেই সভাপতি ডঃ মোহাম্মদ আব্দুল্লাহ অনুষ্ঠানে সূচনা বক্তব্যে সফি চৌধুরী হারুণকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। উদীচী স্কুলের বাচ্চাদের প্রতি সফি চৌধুরী হারুণের যত্ন নিয়ে গান শেখানো কথা উল্লেখ করে তিনি তার অবদানের কথা কৃতজ্ঞতা সহকারে স্মরণ করে। তিনি আরো বলেন, সফি চৌধুরী হারুণের সহধর্মিনী জেবু চৌধুরীর সংগে তিনি কথা বলেছেন এবং এই মহাবিপদের সময় ও এর পরেও তার যে কোন ধরণের প্রয়োজনে তিনি ব্যক্তিগতভাবে এবং উদীচী সহ সবসময়ই পাশে থাকবেন বলেও কথা দিয়েছেন। সভাপতির সূচনা বক্তব্যের পরেই সফি চৌধুরী হারুণের উপর একটি নাতিদীর্ঘ ভিডিও প্রদর্শন করা হয়। ভিডিওটি তৈরী করেন উদীচী যুক্তরাষ্ট্রের আরেক সহ-সভাপতি তুষার রায়।

এর পরেই সফি চৌধুরী হারুণের প্রিয় ছাত্র প্রমিত মহান আচার্য্য ‘ভেঙ্গেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়’ রবীন্দ্রসংগীত পরিবেশন করে তার গুরুর স্মৃতির প্রতি সম্মাননা জানায়। প্রমিতের পরে উদীচী যুক্তরাষ্ট্রের নির্বাহী কমিটির সদস্যা, উদীচী স্কুলের ছাত্রী এবং নৃত্য বিভাগের সহকারী উদিতা তন্বী শ্রদ্ধাভরে সফি চৌধুরী হারুণকে স্মরণ করে এবং উল্লেখ করে যে যদিও সে নিজে হারুণ আঙ্কেলের ছাত্রী ছিলনা কিন্তু সে দেখেছে কতটা মনোযোগ সহকারে হারুণ আঙ্কেল ছাত্র-ছাত্রীদেরকে সংগীতের প্রশিক্ষণ দিতেন। এর পরে সফি চৌধুরী হারুণকে স্মরণ করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রাক্তন সভাপতি এবং বাংলাদেশের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়ন হাসান ইমাম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এর পরে বক্তব্য রাখেন জামাল উদ্দীন হোসেন, শিল্পী রথীন্দ্র নাথ রায়, সৈয়দ মোহাম্মদুল্লাহ, ডঃ নুরুন্নবী, উদীচী স্কুলের ছাত্রী তৃষা মণ্ডল, উদীচী স্কুলের ছাত্রী বাঁধন কর্মকার এবং ম হামিদ। এর পরে সংগীত পরিবেশন করে স্মরণিকা চক্রবর্তী ও সংগীতা চক্রবর্তী। এর পরে বক্তব্য রাখেন ফাহিম রেজা নূর। এ পর্যায়ে হারুণ ভাইকে স্মরণ করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি বেলায়েত হোসেন ও এর পরে একটি কবিতা আবৃত্তি করেন।

এর পরে বক্তব্য রাখেন রানু ফেরদৌস। এ পর্যায়ে উদীচী স্কুলের ছাত্র দিব্য রায় পরিবেশন করে ‘খাঁচার ভিতর অচিন পাখী’, সংগে তবলা সঙ্গত করে উদীচী স্কুলের আরেক ছাত্র দীপ্ত রায়। এর পরে বক্তব্য রাখেন স্বীকৃতি বড়ুয়া, তপন মোদক, হাসানাল আব্দুল্লাহ, শীতেশ ধর ও সমীর মণ্ডল। এর পরে সংগীত পরিবেশন করেন উদীচী যুক্তরাষ্ট্রের মুক্তা ধর। এ পর্যায়ে বক্তব্য রাখের ডঃ হায়দার খান। এর পরে উদীচীতে হারুণ ভাই কিভাবে এলেন তা তুলে ধরেন জীবন বিশ্বাস। সফি চৌধুরী হারুণকে ২০০৮ সালে উদীচী যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক ও উদীচী স্কুলের প্রিন্সিপাল জীবন বিশ্বাস উদীচী স্কুলে শিক্ষক হিসেবে নিয়ে আসেন কবি শহীদ কাদরীর সহধর্মিনী ও উদীচী যুক্তরাষ্ট্রের প্রাক্তন কর্মী নীরা কাদরীর মাধ্যমে। একই বছর সফি চৌধুরী হারুণের সহধর্মিনী জেবু চৌধুরীও উদীচী স্কুলে আর্ট ও বাংলার শিক্ষিকা হিসেবে যোগ দেন। পরবর্তিতে জীবন বিশ্বাসের অনুরোধে দু’জনেই উদীচী যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে যোগ দেন এবং নির্বাহী কমিটিতেও অন্তর্ভুক্ত হন। এর পরে বক্তব্য রাখেন বেলাল বেগ, তুষার রায়, সম্পাদকমণ্ডলীর সদস্যা শুক্লা চক্রবর্তী, নাট্য সম্পাদক ফজলুল করিম এবং সহ- সাধারণ সম্পাদক মোহিত আচার্য্য। এর পরেই রবীন্দ্রসংগীত ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ পরিবেশন করেন উদীচীর অনামিকা মজুমদার।

সবশেষে সভাপতি ডঃ মোহাম্মদ আব্দুল্লাহ্‌ পুনরায় সফি চৌধুরী হারুণকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং সবাইকে ধন্যবাদ জানান, বিশেষ করে স্কুলের ছাত্র-ছাত্রীদের বক্তব্য ও সংগীতের মাধ্যমে স্মরণ করাটাকে তিনি অভূতপূর্ব আবেগ ও সম্মানের বলে অভিহিত করেন। পুরো স্মরণসভাটিরর ব্যপ্তি ছিল সাড়ে তিন ঘণ্টার মতো। স্মরণসভার সার্বিক পরিকল্পনা ও উপস্থাপনায় ছিলেন উদীচী যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক ও উদীচী স্কুলের প্রিন্সিপাল জীবন বিশ্বাস।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১২ মার্চ ২০২১ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ