প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: টিকা নিরাপদ জানিয়ে এ নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান জানিয়ে সারাদেশে গণটিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।রোববার (৭ ফেব্রুয়ারি) মহাখালীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী আয়োজিত অনুষ্ঠানে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।
মন্ত্রী বলেন, করোনার টিকা নিরাপদ। মন্ত্রী, এম পি সচিবসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আজ টিকা নেবেন। এর পার্শপ্রতিক্রিয়া নেই বললেই চলে। তাই অপপ্রচার না চালাবেন না। টিকা না নিয়ে কেউ ফেরত যাবেন না। সময় মতো টিকা আসবে। সারা বছর চলমান থাকবে। কোভ্যাক্সের টিকাও আসবে। আমাদের কাছে ৭০ লাখ ডোজ টিকা আছে। যা ৩৫ লাখ মানুষকে দেয়া যাবে।
ইতোমধ্যে সরকার দেশের সব জেলায় টিকার ডোজ পাঠিয়েছে এবং কর্মসূচি পরিচালনার জন্য সরঞ্জাম ও বুথের ব্যবস্থাসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে। সেই সাথে টিকা প্রদানে স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবকদের সব ধরনের প্রশিক্ষণ দেয়া হয়েছে।বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার টিকা নিতে চাইলে www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।
সরকারের লক্ষ্য ছিল প্রতিদিন গড়ে ২ লাখ ৬০ হাজার মানুষকে টিকা দেয়া। তবে, বৃহস্পতিবার পর্যন্ত গত নয় দিনে মাত্র দেড় লাখ মানুষ অনলাইনে নিবন্ধন করেছেন। এমন পরিস্থিতিতে প্রথম মাসে ৬০ লাখেরও বেশি মানুষকে টিকা দেয়ার সিদ্ধান্তের পরিবর্তে ৩৫ লাখ লোককে টিকা দেয়া হবে।রোববার সকাল ৯টা থেকে সারাদেশের এক হাজার পাঁচটি হাসপাতালে টিকা দেয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভ্যাকসিন প্রয়োগের জন্য রাজধানীর ৫০টি হাসপাতাল ও রাজধানীর বাইরে ৯৫৫টি হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে সারাদেশে ভ্যাকসিন প্রয়োগের জন্য কাজ করবে দুই হাজার চারশ টিম। তবে এই ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিতে অংশ নেয়ার জন্য প্রস্তুত রয়েছে সাত হাজার ৩৪৪টি টিম। ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ ফেব্রুয়ারি ২০২১ /এমএম





