প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল আমির খান অভিনীত শেষ ছবি ‘ঠাগস অব হিন্দুস্তান’। ২০১৮ সালে ২২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সে ছবি দর্শকদের হাসির খোরাকও জুগিয়েছে দীর্ঘ দিন। তাই এবার অনেক বেশি সাবধানী বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ের সময় থেকে নিজের ফোন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। যাতে তার কাজ বা ব্যক্তিগত জীবনযাপনে কোনো ব্যাঘাত না ঘটে।
অভিনেতার ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, ‘আমিরের অনেকটা সময় ফোনেই কেটে যায়। এই নেশা ওর ব্যক্তিগত এবং পেশাগত জীবনে প্রভাব ফেলছে। তাই কিছু দিন নিজেকে এসব থেকে দূরে সরিয়ে রেখে পুরনো দিনের মতো জীবনযাপন করতে চাচ্ছেন। নিজের কাজে মন দেবেন। যখন কাজ থাকবে না, সেই সময়টা পরিবারের সঙ্গে কাটাবেন।’
ওই ব্যক্তি আরও বলেন, নিজের কাছের মানুষদের ইতোমধ্যে আমির জানিয়ে দিয়েছেন, কোনো জরুরি প্রয়োজন থাকলে তার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে। ‘লাল সিং চাড্ডা’র মুক্তি পর্যন্ত অভিনেতার সোশ্যাল অ্যাকাউন্টও চালাবে তার টিম। সব রকম যোগাযোগ মাধ্যম থেকেই নিজেকে দূরে রাখছেন আমির।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০২ ফেব্রুয়ারি ২০২১ /এমএম





