প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: চলতি ফুটবল মৌসুম শেষ হলে কি জার্সির রং বদলাবে লিওনেল মেসির? বার্সেলোনা ছেড়ে কি অন্য কোথাও যাবেন তিনি? মেসির ভবিষ্যৎ এখনো নিশ্চিত নয়। তবে বার্সা তারকা একটি স্প্যানিশ টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলতে চান।
মেসি বলেছেন, ‘আমি সবসময়ই বলেছি, এমএলএসে খেলার অভিজ্ঞতা সঞ্চয় করতে চাই। কিন্তু সেটা এখনই নয়।’মেজর লিগ সকারে খেলেছেন ফুটবল সম্রাট পেলে, বেকেনবাওয়ার, ইব্রাদের মতো তারকারা। বার্সার সঙ্গে চুক্তি শেষ হলেই তাঁকে যুক্তরাষ্ট্রের লিগে দেখা যাবে কিনা, সেই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি মেসি।
তিনি বলেছেন, ‘মৌসুম শেষ হলে আমি কী করব সেই ব্যাপারে এখনই নিশ্চিত নই। বার্সেলোনা ছাড়ব কিনা আমি নিজেও জানি না। তবে এটাই আশা রাখি, ক্লাব ছাড়লে ভালোভাবেই যেন বিদায় হয়।’
গত আগস্টে বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ২-৮ গোলে বার্সেলোনার হারের পরে স্প্যানিশ ক্লাবটির সভাপতির সঙ্গে মেসির সংঘাত প্রকাশ্যে চলে আসে।
সেই প্রসঙ্গ তুলে মেসি বলেন, ‘সেই ঘটনার জন্য আমি দুঃখিত। বার্সেলোনা আমার জীবন। ১৩ বছর বয়স থেকে এখানে রয়েছি। আর্জেন্টিনার থেকে বার্সেলোনায় বেশি সময় ধরে রয়েছি। এই ক্লাব আমাকে ফুটবলার হিসেবে তৈরি করেছে।’মেসি আরো বলেন, ‘গত মৌসুম খুব বিশ্রীভাবে শেষ হয়েছে। আমি সামনের দিকেই তাকাতে চাই। সব শিরোপার জন্যই লড়তে হবে।’
এর মধ্যেই খবর ছড়িয়েছে, পিএসজি তারকা নেইমার ফিরতে পারেন বার্সায়। কিন্তু মেসি সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন। বার্সেলোনা তারকা বলেছেন, ‘নেইমারের ট্রান্সফার ফি আমাদের পক্ষে কীভাবে দেওয়া সম্ভব? পরিস্থিতিও আমাদের অনুকূলে নয়। নতুন প্রেসিডেন্টের জন্য খুবই কঠিন হতে চলেছে তা। বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে নতুন প্রেসিডেন্টকে। সব ঠিকঠাক চালিয়ে যেতে হলে অনেক পরিবর্তন আনতে হবে।’
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৮ ডিসেম্বর ২০২০/এমএম





