Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: নতুন বছর এলেই সাতপাক ঘুরবেন ওপার বাংলার জনপ্রিয় লাভ বার্ডস অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনগুপ্ত। তার আগে ডেস্টিনেশন প্রি-হনিমুনে গেলেন তারা। করোনা মহামারির জেরে সারা বছর কলকাতায় আটকে থাকার পর বছর শেষে দম ফেলতে একসঙ্গে ছুটি কাটাতে গেলেন হিমাচল প্রদেশে।

বাকি অভিনেতা-অভিনেত্রীরা যখন ভোগের স্বর্গ গোয়া উপভোগে ব্যস্ত, অঙ্কুশ ও ঐন্দ্রিলা তাদের ১০ বছরের ভালোবাসা নতুন করে ফিরে পেলেন হাড় কাঁপানো তুষারপাতে। দুধসাদা বরফের নীচে সিমলা মল রোড চাপা পড়েছে। পুরু বরফ জমেছে ট্যাক্সি স্ট্যান্ডে এবং হোটেলের খোলা চত্বরেও। রাস্তাঘাট শুনশান।

এই অবস্থায় অঙ্কুশ-ঐন্দ্রিলাকে কে রোখে? তার মধ্যেই ফাঁকা রাস্তায় একে অন্যের আলিঙ্গনে হারিয়ে গেলেন তারা। এর কাছে সমু্দ্রতীরের ফেনি, জিন, শেরিও তুচ্ছ! যদিও ভালোবাসার নেশায় যাতে যুগল বেসামাল না হয়ে পড়েন, তাই তাদের সঙ্গে রয়েছেন ঐন্দ্রিলার ‘তুতো’ বোন এবং এক কমন ফ্রেন্ড।

আগামী ৩১ মার্চ ঐন্দ্রিলার জন্মদিন। এ উপলক্ষে অঙ্কুশকে সঙ্গে নিয়ে প্যারিস যাওয়ার কথা ছিল তার। কিন্তু করোনার প্রকোপে ভেস্তে গেছে সব। ফলে, বছর শেষে তারা আপাত সন্তুষ্ট হিমাচল ট্রিপেই।

এদিকে, নতুন বছরে বিয়ের পাশাপাশি মুক্তি পাবে অঙ্কুশ-ঐন্দ্রিলা অভিনীত ও রাজা চন্দ পরিচালিত ছবি ‘ম্যাজিক’। এই ছবি দিয়েই বড় পর্দায় জুটি হিসেবেও অভিষেক ঘটবে জনপ্রিয় দুই তারকার।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৮ ডিসেম্বর ২০২০/এমএম

 


Array