প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: অদৃশ্য শত্রুর কোভিড ১৯-এর কারণে আটকে আছে বিনোদন জগতের বহু তারকা জুটির বিয়ে। তাদেরই অন্যতম বলিউড লাভবার্ডস রণবীর কাপুর ও আলিয়া ভাট। মহামারি করোনা হানা না দিলে এ বছরই গাঁটছড়া বাধার কথা ছিল তাদের। এই তারকা জুটির রূপকথার বিয়ে দেখতে বহুদিন ধরেই অপেক্ষায় বলিউড।
সেই অপেক্ষা বোধহয় শেষ হতে চলেছে। নতুন বছরেই এক হতে পারে আলিয়া-রণবীরের চার হাত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেরকম ইঙ্গিতই দিলেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের একমাত্র ছেলে অভিনেতা রণবীর কাপুর। নিজের সম্পর্কে বা বিয়ে নিয়ে এর আগে এতটা খোলামেলা কথা তিনি কখনোই বলেননি।
ওই সাক্ষাৎকারে আলিয়াকে ‘আমার গার্লফ্রেন্ড’ বলে উল্লেখ করেন রণবীর। তার কথায়, ‘আমার গার্লফ্রেন্ড আলিয়া লকডাউনে অনেক কিছু শিখেছে। গিটার ক্লাস থেকে শুরু করে স্ক্রিনরাইটিং, আরও যে কত কিছু! আলিয়া ওভারঅ্যাচিভার। ওর পাশে আমাকে আন্ডারঅ্যাচিভার মনে হয়।’
এর পরই আসে তাদের বিয়ের প্রসঙ্গ। রণবীর বলেন, ‘মহামারি না আসলে এ বছরেই বিযেটা হয়ে যেত। আপাতত এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না। তবে আমার জীবনের লক্ষ্যগুলোর মধ্যে এটিতে (বিয়ে) খুব শিগগিরই টিকচিহ্ন দিতে চাই।’ তবে কি নতুন বছরেই শুভ কাজ সারছেন? রণবীরের জবাব, ‘আশা করছি।’
ভারতে লকডাউন শুরুর কয়েক দিনের মধ্যেই রণবীরের অ্যাপার্টমেন্টে চলে যান আলিয়া। ঋষি কাপুরের অসুস্থতা থেকে শুরু করে মৃত্যুর আগে-পরে সর্বক্ষণই সঙ্গী ছিলেন তিনি। এবার তাকে পাকাপাকি ভাবেই কাপুর পরিবারের একজন করার চূড়ান্ত ইঙ্গিত দিলেন রণবীর। বাকিটা সময়ের অপেক্ষা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৫ ডিসেম্বর ২০২০/এমএম





