প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ক্যারিয়ার ও সামাজিক নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এবার ভারতীয় অভিনেত্রী রানী মুখার্জির মুকুটে যুক্ত হলো নতুন সম্মাননা। শুক্রবার অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট সম্মাননা দেওয়া হয়েছে অভিনেত্রীকে।
এদিন মেলবোর্নে আয়োজিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নের বিশেষ অনুষ্ঠানে রানী মুখার্জির হাতে এ সম্মানের সনদ তুলে দেওয়া হয়। এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। সেই সঙ্গে লা ট্রোব বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানান অভিনেত্রী।
তিনি বলেন, এই সম্মান শুধু একজন ভারতীয় অভিনেত্রীকে নয়, ভারতীয় চলচ্চিত্রকেও দেওয়া হয়েছে। সিনেমা এমন একটি ভাষা, যার মাধ্যমে বিভিন্ন মানুষ ও সংস্কৃতির মধ্যে যোগাযোগ তৈরি করা যায়।
ক্যারিয়ারে ‘ব্ল্যাক’, ‘মার্দানি’ ও ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-সহ বহু সিনেমায় অভিনয় করেছেন রানী মুখার্জি। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের জন্য ভারতীয় চলচ্চিত্রে পেয়েছেন বিশেষ পরিচিতি। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসসহ নানা পুরস্কার।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৫ আগস্ট ২০২৬/এএ





