প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: প্রকৃতিতে লেগেছে শীতের ছোঁয়া। সব জায়গায়ই চলছে শীতের হাত থেকে আত্মরক্ষার প্রস্তুতি। তবে হাড় কাঁপানো শীতের দেখা পেতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। আর তিন-চার দিনের মধ্যেই নামতে শুরু করবে তাপমাত্রা। বাড়বে শীতের তীব্রতা।
জানা গেছে, তাপমাত্রা কমতে থাকার ধারাবাহিকতায় ডিসেম্বর মাসে উত্তরাঞ্চলসহ কয়েকটি অঞ্চলে ১ থেকে ২টি মৃদু শৈত্যপ্রবাহ ও জানুয়ারিতে ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। জানুয়ারিতে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস নেমে তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।
আবহাওয়া অধিদফতর বলছে, সপ্তাহের শেষে কমতে পারে তাপমাত্রা। বাড়তে পারে শীতের তীব্রতা। তবে আজ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ১৪ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যস্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ২৯ মিনিটে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮ ডিসেম্বর ২০২০/এমএম





