প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।সোমবার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের গণমাধ্যমকে এ তথ্য জানান।
আবুল খায়ের জানান, গত শনিবার থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জ্বর অনুভব করছিলেন। আইইডিসিআর রোববার তার নমুনা পরীক্ষা করে রাতেই রিপোর্ট দিয়েছে। পরীক্ষার রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ এসেছে।
ঠান্ডা-জ্বর থাকলেও শিক্ষামন্ত্রীর অন্য কোনো উপসর্গ নেই। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।
রোববার স্বাস্থ্য অধিদফতরের দেয়া সবশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৮৩৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৯৫ হাজার ৯৬০ জন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ ডিসেম্বর ২০২০/এমএম





