প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: উত্তরাঞ্চলে বয়ে চলা শৈত্যপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকবে, এরমধ্যে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অফিস বলছে, আগামী দুদিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তার পরের পাঁচ দিন তাপমাত্রা কমতে পারে।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, শীতের মধ্যে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির হতে পারে। এছাড়া সারাদেশে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও পূবাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মান্নার উপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে।
উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৬ ডিসেম্বর ২০২০/এমএম





