Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যার কম-বাড়া হলেও তা আশাব্যঞ্জক হারে কমছে না। বরং শীতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে।

করোনায় এখন পর্যন্ত মারা গেছেন পাঁচ হাজার ৯০৫ জন। এর মধ্যে ষাটোর্ধ্ব রোগীর সংখ্যাই বেশি। তথ্য মতে, মৃত রোগীর মধ্যে তিন হাজার ৭৫ জনের বয়স ষাটোর্ধ্ব। যা মোট মৃতের ৫২.০৭ শতাংশ।

শুক্রবার (৩০ অক্টোবর) দেওয়া বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, পাঁচ হাজার ৯০৫ জনের মধ্যে ০ থেকে ১০ বছরের মধ্যে মারা গেছে ২৯ জন; শতকরা হিসাবে ০. ৪৯ শতাংশ। ১১-২০ বছরের মধ্যে ৪৬ জন; যা মোট মৃতের ০. ৭৮ শতাংশ। ২১-৩০ বছরের মধ্যে ১৩৪ জন; যা মোট মৃতের ২. ২৭ শতাংশ। ৩১-৪০ বছরের মধ্যে ৩২৬ জন; যা মোট মৃতের ৫.৫২ শতাংশ। ৪১-৫০ বছরের মধ্যে ৭৩২ জন; যা মোট মৃতের ১২.৪০ শতাংশ। ৫১-৬০ বছরের মধ্যে এক হাজার ৫৬৩ জন; যা মোট মৃতের ২৬.৪৭ শতাংশ। আর ষাটোর্ধ্ব মারা গেছেন তিন হাজার ৭৫ জন; যা মোট মৃতের ৫২.০৭ শতাংশ।

মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে তিন হাজার ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে এক হাজার ১৭১ জন, রাজশাহী বিভাগে ৩৭১ জন, খুলনা বিভাগে ৪৬৮ জন, বরিশাল বিভাগে ২০০ জন, সিলেট বিভাগে ২৪৫ জন, রংপুর বিভাগে ২৬২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১২২ জন।

এদিকে ইউরোপের দেশগুলোতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। বিগত সময়ের তুলনায় শীতে দেশগুলোতে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। যা আসন্ন শীতে বাংলাদেশের জন্যও একটি বড় ধরণের সংকেত বলে মনে করা হচ্ছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/৩১ অক্টোবর ২০২০/এমএম

 


Array