রাজবাড়ী থেকে সিনান আহমেদ শুভ :: মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুটক্তি করায় রবিউল ইসলাম খন্দকার মজনু নামে রাজবাড়ীর সৌখিন এক সাংবাদিককে আজ শনিবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা গ্রেপ্তার করেছে।
রবিউল জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি এলাকার রোস্তম আলী খন্দকারের ছেলে। তার রাজবাড়ী বাজারের হাজি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় মোবাইল সার্ভিসিং-এর দোকান রয়েছে। এর আগে গত শুক্রবার সন্ধ্যা রাতে রবিউল ইসলাম খন্দকারের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি দায়ের করেছেন, রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক আজিজুল ইসলাম মন্ডল।
মামলায় বলা হয়েছে, গত ৬ অক্টোবর দুপুর ১ টা ১৩ মিনিটে রবিউল ইসলাম খন্দকার তার ফেসবুক আইডিতে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কুটক্তি মূলক পোষ্ট প্রদান করে। যা পরবর্তীতে বাদীর নজরে আসে। মাননীয় প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুন্ন করা এবং আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর জন্য এই ধরনের মিথ্যা ও মানহানিকর তথ্য ফেসবুকে প্রচার করেছে।
এতে বাংলাদেশ আওয়ামীলীগ ও তার অংশ সংগঠনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফলে বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং দলীয় লোকজন ক্ষোভে ফেটে পরেছে। ফলে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলার অবনতি হবার সম্ভাবনা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আসামি রবিউল ইসলাম খন্দকার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য ফেসবুকে প্রচার করেছে। যে কারণে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি থানায় মামলা দায়ের করেছেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০ অক্টোবর ২০২০/এমএম





