Menu

রাজবাড়ী প্রতিনিধি সিনান আহমেদ শুভ  ::  “মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার”-এ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে এলজিইডি’র উদ্যোগে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সদর উপজেলার চন্দনী বাজার সংলগ্ন সড়কে আনুষ্ঠানিক ভাবে এ কাজের উদ্বোধন করেন, রাজবাড়ী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাস।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন, চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চৌধুরী, রাজবাড়ী এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, সহকারী প্রকৌশলী পুর্ণেন্দু সাহা, সদর উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম রব্বানী প্রমুখ। সে সময় অফ-পেভমেন্টের জন্য রক্ষনাবেক্ষণ কাজে নিযুক্ত মেইনটেনেন্স ক্রুর ১৩৮ জন দুঃস্থ মহিলা কর্মীদের হাতে জুলাই ও আগষ্ট মাসের বেতন তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে রাজবাড়ী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাস বলেন, সারা বছরই তাদের সড়ক রক্ষানাবেক্ষণের কাজ করতে হয়। তবে এ বছর মুজিব বর্ষ উপলক্ষে জেলার ৫টি উপজেলার জন্য ২৫ লাখ টাকা বিশেষ বরাদ্দ করা হয়েছে। ৩ বছরের অধিক মেয়াদি গ্রামীণ সড়ক অবকাঠামোর ক্ষয়ক্ষতির হার কমিয়ে সড়কের স্থায়িত্বকাল বৃদ্ধি করার লক্ষে এ টাকা ব্যবহার করা হচ্ছে।

তিনি আরো বলেন, গ্রামীণ সড়ক গুলোতে ভারি ট্রাক চলাচল না করার কথা থাকলেও তা মানা হচ্ছে না। ফলে এলজিইডি’র তত্ত্বাবধানে থাকা জেলার ২ হাজার ৫ শত কিলো মিটার সড়কের মধ্যে পাকা হওয়া ১ হাজার ৫শত কিলো মিটারই রক্ষা করা সম্ভব হচ্ছে না। তিনি বিষয়টি জেলা পর্যায়ের সভায় উপস্থাপন করলেও সড়ক গুলোতে থামছে না ভাড়ি ট্রাক চলাচল। সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে নতুন সড়ক নির্মাণের ক্ষেত্রে।

নতুন সড়ক নির্মাণের পর এক বছর তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে ঠিকাদারী প্রতিষ্ঠানের। অথচ সড়ক নির্মাণের পর ভাড়ি ট্রাক চলাচল করে নতুন সড়কও নষ্ট করা হচ্ছে। এতে তারা ঠিকাদারের বিলও ঠিকমত পরিশোধ করতে পারছেন না। এতে করে ঠিকাদারী প্রতিষ্ঠান গুলোর সাথে তাদের দূরত্ব সৃষ্টি হচ্ছে এবং তাদের চাকরীও হুমকীর মধ্যে পরে যাচ্ছে। তিনি জরুরী ভিত্তিতে এ অবস্থার পরিত্রান কামনা করেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০১ অক্টোবর ২০২০/এমএম


Array