Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বৈশ্বিক মহামারী করোনায় আক্রান্ত হয়ে দেশে আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল চার হাজার ৭৫৯ জনে। আর এরই মধ্য দিয়ে মৃতের সংখ্যায় চীনকে (চার হাজার ৭৩৪) ছাড়িয়ে গেল বাংলাদেশ। এর আগে গত ১৩ জুন শনাক্ত রোগীর সংখ্যাতেও চীনকে ছাড়ায় বাংলাদেশ।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ৯৪টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সময় এক হাজার ৮১২ জন এবং এখন পর্যন্ত মোট তিন লাখ ৩৯ হাজার ৩৩২ জন শনাক্ত হয়েছেন।

২৪ ঘণ্টায় দুই হাজার ৫১২ জন এবং এখন পর্যন্ত মোট দুই লাখ ৪৩ হাজার ১৫৫ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৪৭টি নমুনা সংগ্রহ আর ১৪ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২২ জন আর চার জন নারী। এখন পর্যন্ত মোট তিন হাজার ৭০৮ জন পুরুষ এবং এক হাজার ৫১ জন নারী মারা গেছেন। মৃত্যুর শতকরা হিসাবে পুরুষ ৭৭ দশমিক ৯২ শতাংশ আর নারী ২২ দশমিক শূন্য আট শতাংশ।

অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এর তথ্য অনুযায়ী অধিদফতর জানায়, সর্বশেষ ২৬ জনের মধ্যে হাসপাতালে ২৫ আর বাড়িতে একজন মারা গেছেন।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিবেচনায় ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন এবং ষাটোর্ধ্ব ১০ জন রয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৯, চট্টগ্রাম বিভাগে চার, রাজশাহী বিভাগে দুই এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৫১২ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ১৬২ জন, চট্টগ্রাম বিভাগে ৩০৬ জন, রংপুর বিভাগে ৮৮ জন, খুলনা বিভাগে ২৩০ জন, বরিশাল বিভাগে ৮৫ জন, রাজশাহী বিভাগে ৩৩৯, সিলেট বিভাগে ১৮৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ১১৫ জন রয়েছেন।

কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন এক হাজার ৫২৩ জন আর ছাড় পেয়েছেন এক হাজার ৭০১ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন পাঁচ লাখ ১৬ হাজার ৪৪১ জন এবং ছাড় পেয়েছেন চার লাখ ৬৭ হাজার ৯৪ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৪৯ হাজার ৩৪৭ জন।

আইসোলেশনে যুক্ত হয়েছেন ৪৩০ জন আর ছাড় পেয়েছেন ৭১৮ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৭৭ হাজার ২০৯ জন এবং ছাড় পেয়েছেন ৫৯ হাজার ৩৬২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ৮৪৭ জন। গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। বাংলাদেশে করোনার নমুনা পরীক্ষা শুরু হয় ২১ জানুয়ারি।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান জানায়। আর করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় তার ১০ দিন পর ১৮ মার্চ।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৫ সেপ্টেম্বর ২০২০/এমএম


Array