বাংলানিউজসিএ ডেস্ক :: স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা বলেছেন, করোনার মহামারিকালে কারও এ রোগের উপসর্গ থাকলে তা গোপন না করে অবশ্যই নমুনা পরীক্ষা করাতে হবে। মহামারি রোগ গোপন করা একটি অপরাধ।শুক্রবার (৭ আগস্ট) দুপুর নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব কথা বলেন।
ডা. নাসিমা সুলতানা বলেন, আমরা কয়েক দিন আগেই কোরবানির ঈদ উদযাপন করেছি। পশুর হাটে অনেক লোক সমাগম হয়েছে। ঈদ উৎসব পালন করতেও আমরা অনেকে সমবেত হয়েছি। এই মুহূর্তে যে কারও লক্ষণ-উপসর্গ থাকলে অবশ্যই নমুনা পরীক্ষা করতে দেব। কোনো রকম জ্বর-কাশি হলে গোপন করব না। যেহেতু এই মহামারি রোগ গোপন করাও একটি অপরাধ। কাজেই মহামারির কোনো লক্ষণ, উপসর্গ দেখা দিলে অবশ্যই আপনারা নমুনা পরীক্ষা করবেন এবং এই রোগ প্রতিরোধে সহায়তা করবেন।
তিনি আরও বলেন, সকলকে স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। যেমন সঠিকভাবে মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, শারীরিক দূরত্ব বজায় রাখা বা জনসমাগম এড়িয়ে চলা। প্রত্যেকটি জিনিস একইসাথে করতে হবে, কোনো একটি আলাদাভাবে নয়। তাহলেই আমরা এই করোনাকে মোকাবিলা করতে পারবো।
এদিন ডা. নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩৩৩ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৮৫১ জন। এনিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৫২ হাজার ৫০২ জন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৭ আগস্ট ২০২০/ এমএম





