বাংলানিউজসিএ ডেস্ক :: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮৩৬ জনে। এসময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২৫৪৮ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ১৮ হাজার ৬৫৮ জনে।
করোনাভাইরাস বিষয়ে শুক্রবার (২৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে এ তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।বুলেটিনে প্রতিদিনের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।
নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৬১টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ১২ হাজার ২৭টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৯১ হাজার ৩৪টি। নতুন পরীক্ষা করা নমুনায় করোনা ধরা পড়েছে দুই হাজার ৫৪৮ জনের।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ১৮ হাজার ৬৫৮ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। এতে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৮৩৬ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৬৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ২০ হাজার ৯৭৮ জনে।
প্রসঙ্গত, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ৫৬ লাখ ৫৯ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছয় লাখ ৩৬ হাজারের বেশি। সুস্থ হয়েছেন সাড়ে ৯৫ লাখের মতো রোগী। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৪ জুলাই ২০২০/এমএম





