বাংলানিউজসিএ ডেস্ক :: সোমবার তিন পাকিস্তানি ক্রিকেটারের করোনাভাইরাস ধরা পড়ে। মঙ্গলবার সন্ধ্যায় সংখ্যাটা বেড়ে দাঁড়ায় দশে। করোনা পজিটিভ হন ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত স্কোয়াডের সাত জন। সে দশ ক্রিকেটারের মধ্যে একজন দলটির সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ।
তবে বুধবার আবার পরীক্ষা করে জানা গেল, করোনা নেগেটিভ তিনি। এই অলরাউন্ডার নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি জানিয়েছেন। পিসিবির পক্ষ থেকে করা পরীক্ষার পর নিজের সন্তুষ্টির জন্য ব্যক্তিগতভাবে পুরো পরিবারসহ করোনা পরীক্ষা করান হাফিজ। সেখানে দেখা গেছে পরিবারের সবাই করোনা নেগেটিভ।
এই পরীক্ষার রিপোর্ট টুইটারে আপলোড করে তিনি লেখেন, ‘গতকাল (মঙ্গলবার) পিসিবির ফলাফল মোতাবেক করোনা পজিটিভ হওয়ায় আমি নিজের সন্তুষ্টির জন্য পরিবারের সবাইকে নিয়ে ব্যক্তিগতভাবে দ্বিতীয়বার পরীক্ষা করাই। আলহামদুলিল্লাহ্, আমি এবং আমার পরিবারের সবার ফলাফল নেগেটিভ এসেছে। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুক।’
হাফিজ করোনামুক্ত হলেও এখন পাকিস্তানের আরও ৯ ক্রিকেটার করোনা আক্রান্ত রয়ে গেলেন। তারা হলেন ফখর জামান, মোহাম্মদ হাসনাইন, কাশিফ ভাট্টি, মোহাম্মদ রিজওয়ান, ওয়াহাব রিয়াজ, হারিস রউফ, হায়দার আলি, শাদাব খান এবং ইমরান খান। এছাড়া সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও এখন পর্যন্ত করোনা থেকে মুক্ত হতে পারেননি।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৪ জুন ২০২০ /এমএম





