বাংলানিউজসিএ ডেস্ক :: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঝুঁকিপূর্ণ আরও পাঁচ জেলার বিভিন্ন এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
সোমবার (২২ জুন) এই ৫ জেলার রেড জোন হিসেবে চিহ্নিত এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।জেলাগুলো হলো- ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়া। এসব জেলার রেড জোন ঘোষিত এলাকায় সাধারণ ছুটি থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
এর আগে, করোনাভাইরাসের কারণে চট্টগ্রাম, বগুড়া, মোলভীবাজার, চুয়াডাঙ্গা, যশোর, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা, মুন্সীগঞ্জ ও মাদারীপুরের রেড হিসেবে চিহ্নিত এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সোমবার পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ১৫ হাজার ৭৮৬ জন। সেই সাথে মারা গেছেন মোট এক হাজার ৫০২ জন। সোমবার পর্যন্ত ৪৬ হাজার ৭৫৫ জন ব্যক্তি করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৩ জুন ২০২০ /এমএম





