Menu

সিনান আহমেদ শুভ, রাজবাড়ী প্রতিনিধি :: রাজবাড়ীর সদর উপজেলার বিনোদপুর গ্রামে করোনায় আক্রান্তের খবর শুনে হতাশায় মুহ্যমান ছিলেন করোনা ভাইরাসে আক্রান্ত তপন দত্ত (৪৫)। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগের সদস্যরা তার বাড়ি পরিদর্শন করে আসার পর তিনি বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যান। বিকেলে ছাদ থেকে লাফিয়ে করেন আত্মহত্যা। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী পৌর এলাকার বিনোদপুর গ্রামে। তিনি একই গ্রামের মৃত নিত্যলাল দত্তের ছেলে। পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বুধবার ঢাকা আইসিডিআর থেকে পাঠানো রিপোর্টে রাজবাড়ীর তিনজন করোনা পজিটিভ আসে। এর মধ্যে তপন দত্ত ছিলেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্বাস্থ্য বিভাগের একটি দল তার বাড়ি পরিদর্শন করে ফিরে আসে। ওই সময় তপন দত্ত বাড়িতেই অবস্থান করছিলো। বিকেল পাঁচটার দিকে স্বাস্থ্য বিভাগের অপর একটি দল এবং রাজবাড়ী সদর থানার পুলিশ তার বাড়িতে গিয়ে কাউকে পায়নি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল ঘুরে আসার পরই সে বাড়ি থেকে চলে যায়। বিকেলে স্বাস্থ্য বিভাগের সদস্যরা দ্বিতীয় দফায় তপন দত্তের বাড়িতে গিয়ে তাকে নরা পেয়ে রাত ১০টার মধ্যে তপন দত্তকে হাজির হতে বলে যায়। সন্ধ্যা ছয়টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ভাজনচালা মোড়ে নির্র্মাণাধীন একটি ভবনের তিন তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করে তপন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম জানান, করোনায় আক্রন্ত তপন দত্ত কার কার সাথে মিশেছে। কাদের সংস্পর্শে গিয়েছে এসব জানার জন্য এবং তাদের নমুনা সংগ্রহের জন্য বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে স্বাস্থ্য বিভাগের টিম তার বাড়িতে গিয়েছিল। বিকেলে গিয়েছিল তাকে হাসপাতালে আনতে। কিন্তু তার আগেই সে বাড়ি থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তপন দত্তকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে। পরবর্তী আ্ইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।


Array