বাংলানিউজসিএ ডেস্ক :: করোনাভাইরাসের কারণে গৃহবন্দি হয়ে পড়া বিশ্বের অধিকাংশ খেলোয়াড়ই অপেক্ষায় আছেন বন্দি জীবন থেকে মুক্তির জন্য। তবে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ বলেছেন করোনার এই কঠিন মুহূর্তে তার খুব ভালো সময় কাটছে।
সিডনি মর্নিং হেরাল্ডকে স্মিথ বলেছেন, আমি সম্ভবত এই বছরের সেরা সময়ে আছি। বাসায় অনেক রানিং ও জিম করেছি। এই দুই মাসে কঠোর পরিশ্রম করেছি।করোনা-আতঙ্ক পেছনে ফেলে অনুশীলনে ফিরেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। জাতীয় দলের শীর্ষ ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প।
সোমবার অস্ট্রেলিয়ার সিডনি অলিম্পিক পার্কে ক্যাম্পে যোগ দিয়েছেন স্টিভেন স্মিথ। জানিয়েছেন, দুই মাসের বিরতিতে তিনি ভালোভাবেই নিজেকে ফিট রেখেছেন। মাঠে ফিরতে সমস্যা হবে না। স্মিথ ছাড়াও ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্কও ঘরোয়া ক্রিকেট শুরু হওয়ার আগে প্রাক-মৌসুম ক্যাম্পে যোগ দেয়ার জন্য রিপোর্ট করেছেন।
স্মিথ বলেছেন, লকডাউনের কারণে গত দুই মাস ব্যাট হাতে নিতে পারিনি। যার কারণে শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে বাধ্য হয়েছি।প্রসঙ্গত, যেসব দেশে সবচেয়ে কম করোনা সংক্রমিত হয়েছে তাদের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়া। দেশটির সাত হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১০৩ জন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০১ জুন ২০২০/এমএম





