আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, বাংলা নিউজ :: মঙ্গলবার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা করেছেন কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র চলমান কোভিড-১৯মহামারীর জন্য দু’দেশের অংশীদারী সীমান্তকে অপ্রয়োজনীয় ভ্রমণে আরো ৩০ দিনের জন্য বাড়িয়ে দিতে সম্মত হয়েছেন।
প্রধানমন্ত্রী অটোয়া রিডাউ কটেজের বাইরে প্রতিদিনের ভাষণকালে বলেন “এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা আমাদের উভয় দেশের মানুষকে সুরক্ষিত রাখবে”। অন্যদিকে কোভিড-১৯ এর কারনে ব্যবসায়ীরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এর জন্য আরও সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।।
উল্লেখ্য করোনার বিস্তার ঠেকাতে সীমান্তে আরও ৩০ দিন কড়াকড়ি অবস্থা থাকবে।সময়ের সঙ্গে পাল্লা দিয়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় অপ্রয়োজনীয় ভ্রমণে এই কড়াকড়ি আরোপ।অপরদিকে, কানাডায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার ১১২ এবং মারা গেছে ৫ হাজার ৯১২ জন। এছাড়া করোনা থেকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৪০ হাজার ৫০ জন।
অন্যদিকে মুসলিম কাউন্সিল অফ ক্যালগেরি এবং ক্যালগেরির বিএমআইসিসি বৈশ্বিক মহামারীর এই দুর্যোগ মুহূর্তে স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে মুসলমানদের ধর্মীয় ঈদুল ফিতরের নামাজ আদায়ের সিদ্ধান্ত বাতিল করেছে। বিএমআইসিসির সভাপতি কাজী রহমান সুজা জানান সার্বিক দিক চিন্তা করেই করোনা ভাইরাসের কারণে এ বছর আমরা ঈদের নামাজ জামাতে একত্রিত হয়ে আদায় করব না, তবে তিনি বাড়ীতে থেকে সবাইকে ঈদের নামাজ আদায়ের পরামর্শ দেন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২০ মে ২০২০/এমএম





