Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: মহামারি করোনাভাইরাস রোধে সাধারণ ছুটি ১৭ থেকে ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ছুটি বাড়ানোর নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ঈদের জামাতের ক্ষেত্রেও চলমান বিধি-বিধান প্রযোজ্য হবে। অর্থাৎ ঈদের জামাতের ক্ষেত্রে কড়াকড়ি থাকবে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন নির্দেশনা সাপেক্ষে ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল ফিতরের নামাজের ক্ষেত্রে উন্মুক্ত স্থানে বড় জমায়েত পরিহার করতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।চাঁদ দেখা সাপেক্ষ আগামী ২৪ বা ২৫ মার্চ দেশে মুসলমানদের সবচেয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

ঈদের দিন মসজিদ কিংবা ঈদগাহে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করে থাকেন মুসলমানরা।এদিকে, মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধ ও পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে সরকার সাধারণ ছুটি আগামী ৩০মে পর্যন্ত বর্ধিত করায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ৩০মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১৪ মে) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আজ এ সিদ্ধান্ত জানিয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর), পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা ও সংশ্লিষ্ট কাজ, খাদ্যদ্রব্য, কাঁচাবাজার, সড়ক ও নৌপথে সকলপ্রকার পণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, ঔষধ, ঔষধশিল্প, চিকিৎসা সেবা ও চিকিৎসা বিষয়ক সামগ্রী পরিবহন, শিশুখাদ্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, ত্রাণ, কৃষিপণ্য, শিল্পপণ্য, সার, বীজ, কীটনাশক, পশুখাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের উৎপাদিত পণ্য, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং জীবনধারণের মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, পণ্যবাহি যানবাহনে যাত্রী পরিবহণ করা যাবে না।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৪ মে ২০২০/এমএম


Array