বাংলানিউজসিএ ডেস্ক :: করোনাভাইরাস মহামারীর চ্যালেঞ্জ মোকাবিলায় সব ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (১ মে) সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, করোনার এই দুর্যোগ মোকাবিলায ঐক্যের কোন বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান কার্যক্রমকে সম্মিলিত প্রয়াসে এগিয়ে নিয়ে যেতে হবে।
সামনে থেকে করোনা যুদ্ধে যারা সাহসীকতার পরিচয় দিচ্ছেন তাদের ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছে সরকার।তিনি বলেন, সকলের সম্মিলিত প্রয়াসে অচিরেই করোনার কালো মেঘ কেটে যাবে ইনশাআল্লাহ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাহস হারানোর কোন কারন নেই, আমাদের রয়েছে শেখ হাসিনার মতো একজন সাহসী ও সৎ নেতৃত্ব। করোনা সংক্রমণ বিষয়ে টেস্টিং ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছে, সেক্ষেত্রে ২৯টি বেসরকারি হাসপাতালকে সম্পৃক্ত করা হয়েছে।মহান মে দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের সকল শ্রমজীবী মানুষদেরও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০১ মে ২০২০/এমএম





