Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: শুভ নববর্ষ ১৪২৭। বাংলা ঐতিহ্য ও সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব বাংলা নববর্ষ। তাই প্রতি বছরই গোটা বাঙালি জাতি সব ধর্ম, বর্ণ, বিভেদ ভুলে উদযাপন করে বাংলা নতুন বছরকে। এবারে নববর্ষ ভিন্ন প্রেক্ষাপটে তবে অভিন্ন সম্মিলিত মানুষের গৃহে থাকার প্রচেষ্টার ওপর ভর করেই সব বাঁধা দূর করবে বাঙালি- সংস্কৃতি কর্মীদের এমটাই প্রত্যাশা।

প্রথম প্রভাতে রমনার বটমূলে বেজে ওঠেনি সম্প্রীতির সুর। বৈশাখের রংতুলিতে চিত্রিত হয়নি নগরের রাজপথ। শাশ্বত মঙ্গলের বার্তাবাহী বৈশাখী মঙ্গল শোভাযাত্রায় হাজারো মানুষের কল্লোল নেই এবার। বসেনি শাহবাগ থেকে পল্টন মোড়, শেরাটন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে বাংলা একাডেমি ও কার্জন হল পর্যন্ত বৈশাখের মেলা। নেই এবার পান্তা ইলিশের আয়োজন। দেখা যায় না শিশুদের কাঁধে নিয়ে বাবা-মায়েদের ঘুরে বেড়াতে। মাতাল হাওয়ার দিনগুলো মুগ্ধতায়- মৌনতায় নয় উৎকণ্ঠা আর শঙ্কার।

তবুও নববর্ষের আবাহন ১৪২৭। বাঙালির সংস্কৃতি তো ভাঙা সেতু নয়। খানিকটা বিচ্ছিন্নতায় তা সংযোগহীন হবে তা ভাবার কোনো কারণও নেই। সংস্কৃতি জন-চিন্তার প্রকাশ ঘটায়, আর তাই এখন যখন নববর্ষের দিনেও অদৃশ্য এক শক্রর বিরুদ্ধে লড়ছে মানুষ তখন সংস্কৃতি চেতনা দিতে পারে সৌন্দর্য-চেতনা ও কল্যাণবুদ্ধি।

নববর্ষ উপলক্ষে গতকাল ১৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বৈশ্বিক দুযোর্গ করোনা পরিস্থিতির কারণে সবাইকে ঘরে বসে নববর্ষ পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।কাকডাকা ভোর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শাহবাগ ও রমনা উদ্যানের আশেপাশে সরেজমিন পরিদর্শনকালে রাস্তাঘাটে হাতেগোনা কিছু শ্রমজীবী মানুষ ছাড়া কাউকে দেখতে পাননি। রমনা উদ্যানের সবকটি গেটে তালা ঝুলছে।

নিরাপত্তারক্ষী জানান, ভেতরে কাউকে প্রবেশ করতে না দেয়ার ব্যাপারে নির্দেশনা রয়েছে। বাংলা নববর্ষকে বরণ করে নেয়ার ক্ষেত্রে শাহবাগের ফুলের মার্কেটটি প্রতি বছর জমজমাট থাকলেও আজ সব দোকান বন্ধ। এরপরও দু’একজন দোকানিকে গোলাপ ফুল নিয়ে বসে থাকতে দেখা যায়।

ভোরের দিকে রাস্তায় ট্রাফিকসহ অন্যান্য আইন-শৃঙ্খলাবাহিনীর কাউকেই দেখা যায়নি। সকাল ৭টার দিকে এ প্রতিবেদক যখন রমনা বটমূলের সামনে থেকে চলে আসছিলেন তখনও পর্যন্ত সূর্যিমামা লুকিযে ছিলেন মেঘের আড়ালে। এ যেন বাঙালি জাতির বাংলা নববর্ষকে বরণ করে নিতে না পারার সঙ্গে সহমর্মিতা প্রকাশ!

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৪ এপ্রিল ২০২০/এমএম


Array