বাংলানিউজসিএ ডেস্ক :: মহামারি করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য চীনের উহান শহরে জরুরি ভিত্তিতে নির্মিত হয়েছিল আইসোলেশন হাসপাতাল। রাজধানীর তেজগাঁয়ে ওই হাসপাতালটির মতো দ্রুত একটি অস্থায়ী হাসপাতাল ব্যক্তি উদ্যোগে তৈরি করা হচ্ছে। হাসপাতালটি তৈরি করছেন আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিন।তিনি তাঁর দুই বিঘা জমিতে উহানের লেইশেনশান হাসপাতালের মতো অস্থায়ী হাসপাতালটি তৈরি করছেন।
জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালটির নির্মাণ শেষ হবে। সেই সঙ্গে পরবর্তী এক সপ্তাহের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বসানো হবে। এরপর বিনামূল্যে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হবে। বশির উদ্দিনকে এ কাজে সহায়তা দিচ্ছেন দুজন স্বনামধন্য অভিজ্ঞ চিকিৎসক।
শেখ বশির উদ্দিন বলেন, ‘হাসপাতাল নির্মাণে কাজ করছি। খুবই ব্যস্ত সময় পার করছি। দেশের এ ক্রান্তিকালে কথা বলার চেয়ে কাজ করা বেশি উত্তম। তাই আগে কাজটা শেষ করতে চাই। সবার সহযোগিতা চাই।’প্রসঙ্গত, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। বিভিন্ন দেশে ২৪ হাজার ৭৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।
অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৩ হাজার ৯৪২ জন। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। এর আগ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ছিল চীনে।কিন্তু এখন আক্রান্তের সংখ্যায় চীনকেও ছাড়িেয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৪৩৫ এবং মারা গেছে ১ হাজার ২৯৫ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৬৮ জন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৮ মার্চ ২০২০ /এমএম





