Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: প্রাণঘাতি করোনাভাইরাস ঠেকাতে দেশের সব বার বন্ধের নির্দেশনা দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে উপ-পরিচালক মো. মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‌‌‘করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে সব হোটেল বার, রেস্টুরেন্ট বার ও ক্লাব বার আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হলো। পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে করণীয় সম্পর্কে জানানো হবে।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (উত্তর) খুরশীদ আলম জানান, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে প্রথমে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বার মালিকদের চিঠি দেয়া হয়েছিল। কিন্তু বিষয়টির গুরুত্ব বিবেচনায় বার বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।তিনি জানান, বার বন্ধ রাখার এ নির্দেশনা শুক্রবার (২০ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।

দেশে এখন পর্যন্ত মোট ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন একজন। এ ভাইরাসে সারাবিশ্বে এখন পর্যন্ত ৯,৩০৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৬৭৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ হাজার ৯৭১ জন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২০ মার্চ ২০২০ /এমএম


Array