বাংলানিউজসিএ ডেস্ক :: চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাব পড়েছে বাংলাদেশেও। বর্তমানে সারাদেশে মোট ২ হাজার ৩১৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এরা সবাই বিদেশ ফেরত বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।রোববার (১৫ মার্চ) রাজধানীর মহাখালীর আইইডিসিআর-এর সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
সেব্রিনা ফ্লোরা বলেন, সারাদেশে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মোট ২৩১৪ জন। এরা সবাই বিদেশে থেকে এসেছেন। তাছাড়া আজকে ইতালিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অনেকে এসেছেন। তারা এখন হাজী ক্যাম্পে আছেন। এছাড়া গতকাল রাতে আসা প্রবাসীদের মধ্যে গাজীপুরে আছেন ৪৮ জন। হাজী ক্যাম্পে ৭২ জন ছিলেন। তাদের পরীক্ষা-নিরীক্ষা করে প্রশাসনের মাধ্যমে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় ২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩১ জনের। এদের মধ্যে দুইজন করোনা ভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। তারা ইতালি ও জার্মানপ্রবাসী। দুজনই পুরুষ। তাদের একজনের বয়স ২৯ ও অপরজনের ৪০ বছর। সম্প্রতি বিদেশফেরত এ দুজনের জ্বর ও সর্দি ছিল। নমুনা পরীক্ষায় তাদের করোনাভাইরাস ধরা পড়ে। ৪০ বছর বয়সী ব্যক্তিটি উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।
বর্তমানে বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে ১০ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে চারজন রয়েছেন বলেও জানান তিনি।এর আগে গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে ঘোষণা দেয় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। ইতোমধ্যে এদের দুজন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন এবং একজন বাড়ি ফিরেছেন।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ইতোমধ্যে বিশ্বের ১৫২ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮৩৯ জনে। এছাড়া প্রাণঘাতি এই ভাইরাসে এখন পর্যন্ত এক লাখ ৫৬ হাজার ৭৩০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে৭৫ হাজার ৯৩৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৫ মার্চ ২০২০ /এমএম





