বাংলানিউজসিএ ডেস্ক :: দেশে করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে সবার ফলাফলই নেগেটিভ এসেছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।আইইডিসিআর’র পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা শুক্রবার সংবাদ ব্রিফিংয়ে বলেন, প্রথম তিনজন রোগী করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছিল, এরপর আর নতুন কোনও আক্রান্ত শনাক্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সবগুলোর ফলাফলই নেগেটিভ এসেছে। তাদের কেউ-ই করোনাভাইরাসে আক্রান্ত নন।
উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৩ জন। দ্রুত বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। ইতালিতে একদিনে আড়াই হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । ইরান, স্পেন, দক্ষিণ কোরিয়াতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।চীনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৭০ জন। ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬ জন, আক্রান্ত ১৫ হাজার ১১৩ জন। স্পেনে একদিনে নতুন করে ৮৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন ৩১ জন।
ফ্রান্সে একদিনে ৫৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন ১৩জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জন। এছাড়া, ইরানে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৫ জন, মারা গেছেন ৭৫ জন। দক্ষিণ কোরিয়ায় নতুন করোনা রোগী ২২৪ জন, প্রাণহানি সাতজনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯৭৯ এবং মৃত্যু ৬৭ জনের।যুক্তরাষ্ট্রে আরও ৪২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন তিনজন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭২৫ ও প্রাণহানি ৪১ জনের।বিশ্বজুড়ে এ পর্যন্ত ৬৯ হাজার ১৪২ জন করোনা রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৩ মার্চ ২০২০ /এমএম





