Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: চলতি বছরেই দুই দেশের মধ্যে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। এছাড়া দিল্লির চলমান সহিংসতা ও ভারতের এনআরসির কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে আশ্বস্ত করেছেন তিনি।সোমবার (২ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘বাংলাদেশ-ভারত : একটি প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে দুই দেশেরই আগ্রহ রয়েছে। বিষয়টি ভারতও গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এটা নিয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ চলছে। এই বছরের মধ্যেই তিস্তার পানি বণ্টন চুক্তি হওয়ার হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।তিনি বলেন, এটা প্রমাণিত যে ৫৪টি অভিন্ন নদীর পানির পরিবেশবান্ধব, টেকসই এবং ন্যায্য বণ্টন করার মধ্যেই দুই প্রতিবেশি দেশের বৃহত্তর জাতীয় স্বার্থ নিহিত। দুই পক্ষই একমত যে, অভিন্ন নদী বিষয়ে আরও উন্নতির সুযোগ আছে এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে ২০১৯ সালের আগস্ট থেকেই দু’পক্ষের মধ্যে সংলাপ শুরু হয়েছে।

দিল্লির সহিংসতার ঘটনায় বাংলাদেশের উদ্বেগের কারণ নেই বলে জানিয়ে শ্রিংলা বলেন, নাগরিকপঞ্জি হালনাগাদের বিষয়টি একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটা প্রতিবেশি দেশে প্রভাব ফেলবে না। বাংলাদেশেও এর কোনো প্রভাব পড়বে না। আমরা এই ব্যাপারে আপনাদের আশ্বস্ত করছি। ভারতের আদালতের নির্দেশনা অনুযায়ীই এনআরসি হচ্ছে।বিআইআইএসএস চেয়ারম্যান ফজলুল করিমের সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। আরও বক্তব্য রাখেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ, বিসের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল শেখ মাসুদ আহমেদ প্রমুখ।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০২ মার্চ ২০২০ /এমএম


Array