বাংলানিউজসিএ ডেস্ক :: বিএনপি চেয়ার্পারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে পরিবার কিংবা দলের পক্ষ থেকে এখনো কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের গুলশান শাখার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তি বা প্যারোল সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এ বিষয়ে সরকারের কিছু করার নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত কোনো আবেদন আসেনি। বিএনপি কোথায় আবেদন করেছে তা আমার জানা নেই। খালেদা জিয়া দুর্নীতি মামলায় আদালতের আদেশে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। উনি কোনো আবেদন করতে চাইলে আদালতের মাধ্যমেই করতে হবে।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দুর্নীতির দুই মামলায় ১৭ বছর সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় গত বছরের ১ এপ্রিল তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। এখনও তিনি সেখানেই চিকিৎসাধীন।গত মঙ্গলবার খালেদা জিয়ার স্বজনরা তাকে দেখতে হাসপাতালে যান। বেরিয়ে এসে তারা জানান, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তারা বিদেশ নিয়ে যেতে চান। এ জন্য প্যারোলে মুক্তি দিলে তাতে তাদের আপত্তি থাকবে না।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৬ ফেব্রুয়ারি ২০২০ /এমএম





