বাংলানিউজসিএ ডেস্ক :: চীনে কোনো বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হননি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। বৃহস্পতিবার দূতাবাসে কয়েকজন সাংবাদিকের সাথে আলাপকালে রাষ্ট্রদূত এ কথা জানান। এ সময় মিশনের উপপ্রধান হৌলং ইয়ান উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত বলেন, চীনা দূতাবাসের কেউ এবং বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে কাজ করা কোনো চীনা নাগরিক করোনাভাইরাসের শিকার হননি। একই সময়ে পুরো চীনে থাকা কোনো বাংলাদেশি নাগরিক আক্রান্ত হননি।তিনি গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘সাধারণ মানুষকে সতর্ক হতে দিন, তবে আতঙ্ক সৃষ্টি করবেন না।’
এ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো ‘বেশি প্রতিক্রিয়া’ দেখাচ্ছে উল্লেখ করে এতে অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত।বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, এখন পর্যন্ত চীনসহ ২৫ দেশে নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। মোট রোগীর ৯৯ শতাংশের বেশি চীনে ভাইরাসটির শিকার হয়েছেন।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহর থাকা বিভিন্ন দেশের লোকজনকে তারা সরিয়ে নিচ্ছে।
বাংলানিউজসিএ/ঢাকা/০৭ ফেব্রুয়ারি ২০২০ /এমএম





