বাংলানিউজসিএ ডেস্ক :: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই আমাদের মূল লক্ষ্য। আমরা সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি এবং এই লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ কাজ করে যাবে। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য।শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়াস্থ বাসভবনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা মনে করি আজকে আমরা যে প্রবৃদ্ধি অর্জন করেছি, অর্থনৈতিক ভাবে যে শক্ত অবস্থানে আছি। আমরা সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। আমাদের সকল অর্জন তৃনমূল মানুষ যেন পায়, গ্রামের মানুষ যেন পায়। সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
বঙ্গবন্ধুর নাম কেউ কখনো মুছে ফেলতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা-কর্মীকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে চলতে হবে। এই বাংলাদেশকে আমরা জাতির পিতার ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব এটাই আমাদের লক্ষ্য।সভা শেষে প্রধানমন্ত্রী বিকেল পৌনে ৪ টায় টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৪ জানুয়ারি ২০২০ /এমএম





