বাংলানিউজসিএ ডেস্ক :: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ইন্টারনেটে কোনো পোস্ট শেয়ারের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। কোনো তথ্য আসলে যাচাই-বাছাই ছাড়াই শেয়ার করবেন না। এছাড়া যে কোনো বিষয়ে যাচাই-বাছাই করেই মন্তব্য করা উচিত। তা না হলে সমাজের ক্ষতি হয় ব্যক্তির ক্ষতি হয়।
বুধবার (৮ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ সম্মাননা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তার জন্য ফিল্টারের ব্যবস্থা করা হবে। এখন অনেক ধরনের অপরাধ হয়ে থাকে। সে বিষয়ে যেনো দ্রুত পদক্ষেপ নেওয়া যায় সে ব্যবস্থাও জরুরী সেবার মাধ্যমে করেছি।
তিনি বলেন, ভবিষ্যতে আইসিটি খাত হবে দেশের সবচেয়ে বড় রফতানি খাত। ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে একদিকে কর্মসংস্থান হচ্ছে আরেকদিকে মানুষ সেবা পাচ্ছে। ৩ হাজার ৬০০ ইউনিয়নে ব্রডব্যান্ড সংযোগ দেওয়া হয়েছে। আরো ২০০টিতে দেওয়ার কাজ চলছে। আস্তে আন্তে সবগুলো ইউনিয়নে সংযোগ দেওয়া হবে। ১৬ কোটি মানুষের দেশে এখন ১৬ কোটি ৪১ লাখ ৭০ হাজার সিম ব্যবহার হচ্ছে। একজন একাধিক সিম ব্যবহার করছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাটন টিপে ‘আমার সরকার’ অ্যাপের উদ্বোধন করেন। এই অ্যাপে অনলাইনে সরকারের মোট ১৭২টি সেবা পাওয়া যাবে। কেউ বিপদে পড়লে অ্যাপটি খুলে মোবাইল ফোন ঝাঁকালে সরাসরি ৯৯৯ নম্বরে ফোন চলে যাবে।
এসময় সেরা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় সেরা দফতর সমাজ সেবা অধিদফতর শ্রেষ্ঠ বিভাগ সিলেট বিভাগ ও শ্রেষ্ঠ জেলা খুলনা এবং শ্রেষ্ঠ উপজেলা কুমিল্লা সদর। এবং শ্রেষ্ঠ ডিজিটাল ক্যাম্পাস শাহজালালাল বিশ্ববিদ্যালয়কে সম্মাননা প্রদান করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৮ জানুয়ারি ২০২০ /এমএম





