বাংলানিউজসিএ ডেস্ক :: জানুয়ারির শুরু থেকে বৃষ্টি হতে পারে, এমন পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদফতর। ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে বছরের শুরু থেকেই। আর রাজধানীতে বৃষ্টি নেমেছে বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনগত রাত থেকে। যা অব্যাহত রয়েছে শুক্রবার (৩ জানুয়ারি) সকাল পর্যন্ত। পৌষের মাঝামাঝি সময়ে ঢাকাসব দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে। কোথাও বজ্রসহ বৃষ্টি হয়েছে বলেও জানা গেছে। বৃষ্টির প্রভাবে কমে গেছে তাপমাত্রা। আগামী পাঁচ দিনে তাপমাত্রা কমবে বলে আবহাওয়ার পূর্বাভাসেও জানানো হয়েছে।
আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশের রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
বৃহস্পতিবার পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ১১ দশমিক ৫। এছাড়া ঢাকায় ১৫ দশমিক ৬, ময়মনসিংহে ১৭, চট্টগ্রামে ১৯ দশমিক ৪, সিলেটে ১৬, রাজশাহীতে ১৪ দশমিক ৫, রংপুরে ১৫ দশমিক ৪, খুলনায় ১৫ দশমিক ৩ এবং বরিশালে ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
গতকাল পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে ১১ মিলিমিটার। এছাড়া টেকনাফে ৭, রাজারহাটে ৫, রংপুর, দিনাজপুর ও সৈয়দপুরে ৪ মিলিমিটার করে, হাতিয়া ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া কক্সবাজারের কুতুবদিয়া, সিলেট, রাজশাহী, পটুয়াখালি ও খেপুপাড়ায় সামান্য বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদফতর জানায়।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৩ জানুয়ারি ২০২০ /এমএম





