বাংলানিউজসিএ ডেস্ক :: প্রথম পর্যায়ে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ১০,৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছে। রোববার সচিবালয় সংলগ্ন সরকারি পরিবহন পুল ভবনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেলা ১২টার দিকে রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সদস্যদের নাম প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি জানান, ওয়েবসাইটে তালিকাটি প্রকাশ করা হবে। বর্তমানে শুধু রাজাকারদের নাম ও ঠিকানা প্রকাশ করা হচ্ছে। তারা কে কোন পেশায় রয়েছে তার বর্তমান তথ্য সরকারের কাছে নেই। তবে তা সংগ্রহ করা হবে।তিনি বলেন, রাজাকার, আল-বদর ও আল শামসসহ বেসরকারি স্বাধীনতাবিরোধী সশস্ত্র বাহিনীগুলোর সঙ্গে সংশ্লিষ্টদের তালিকা এখানে রাখা হয়েছে।
সূত্র জানায়, ১৯৭১ সালের এপ্রিল মাসে অনানুষ্ঠানিকভাবে রাজাকার বাহিনী গঠন করা হয়। সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছিল। ওই সময় গ্রামে-গঞ্জে বেসিক ডেমোক্রেসি মেম্বার ছিল, তাদের রাজাকার বাহিনীতে লোক সংগ্রহ করতে বলা হয়েছিল। গ্রামের এসব মেম্বার এবং বিভিন্ন দল (যেমন জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম, মুসলিম লীগ, জামাতে ওলামা, কনভেনশন মুসলিম লীগ) যারা পাকিস্তানের সমর্থক- ওই রাজাকার বাহিনীতে যোগ দেয়।ওই সব বেতনভুক্ত রাজাকার এবং স্বাধীনতা-পরবর্তী সময়ে যাদের বিরুদ্ধে দালাল আইনে মামলা হয়েছিল, তাদের নিয়েই রাজাকারের তালিকা চূড়ান্ত করেছে সরকার।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৫ ডিসেম্বর ২০১৯ /এমএম





