Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: অবিশ্বাস্য গতিতে বাড়ছে পেঁয়াজের দাম। সকালে যে দাম, বিকেলেই তার থেকে ২০ টাকা বেড়ে যাচ্ছে। এভাবেই সারাদেশে পেঁয়াজ নিয়ে তুলকালাম চলছে। গত বৃহস্পতিবার এক কেজি পেঁয়াজের দাম দুইশ’ টাকা অতিক্রম করেছে। এক দিনের ব্যবধানে তা ঠেকেছে আড়াইশ’ টাকায়। এটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে তা দেখার অপেক্ষায় রয়েছেন দেশবাসী। এদিকে সঙ্কট মোকাবেলায় বিভিন্ন দেশ থেকে কার্গো বিমানে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এদিকে হঠাৎ করেই চালের দাম বেড়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে নতুন আমন ধানের চাল বাজারে না আসা পর্যন্ত চালের দাম বাড়ার ধারা অব্যাহত থাকবে। অন্যদিকে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম কমছে না। বরং কোনো কোনো সবজির দাম আরো বেড়ে গেছে। পাশাপাশি বেড়েছে ব্রয়লার মুরগি, আলু ও ভোজ্যতেলের দাম। সব মিলে সাধারণ ক্রেতারা চরম অস্বস্তিতে দিনাতিপাত করছেন। পকেট ভরে টাকা নিয়ে বাজারে গিয়ে তারা ব্যাগ ভরে বাজার করতে পারছেন না। গতকাল রাজধানীর মালিবাগ, শান্তিনগর, সেগুনবাগিচা, কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি বাজারে গিয়ে এবং খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।

মালিবাগ বাজারে কথা হয় শরীফ আনজাম নামের একজন চাকরিজীবীর সঙ্গে। তিনি বলেন, আমরা গুনে গুনে বেতন পাই। হিসেব করে মাসের খরচ চালাতে হয়। এক হাজার টাকা নিয়ে বাজারে এসে কী কিনবো বুঝতে পারছি না। অধিকাংশ সবজির দাম ১০০ টাকার ঘরে। আর পেঁয়াজের কথা তো বলার অপেক্ষা রাখে না। এদিকে চালের দামও বাড়ছে।তিনি বলেন, সরকারের কোনো মনিটরিং তো দেখছি না। ঘণ্টায় ঘণ্টায় কিভাবে পেঁয়াজের দাম বাড়ে? আর কোনো কারণ ছাড়াই সবজির দাম এত কেন? কে দেখবে এগুলো? শরীফ আনজামের মতো আরো অনেক ক্রেতাকে বাজারে দেখা গেল। যারা বাজারের খালি ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সিদ্ধান্ত নিতে পারছেন না, কী আগে কিনবেন।

ভারত থেকে পেঁয়াজ রফতানি বন্ধ হওয়ায় গত কয়েক মাস ধরে বাংলাদেশের বাজারে অস্থিরতা বিরাজ করছে। তবে গত কয়েকদিনে দাম বাড়ার বিষয়টি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গতকাল শুক্রবার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকায়। আর গত চার দিনে পেঁয়াজের দাম বেড়েছে ৮০-১০০টাকা।পেঁয়াজ ব্যবসায়ী ও বাজার বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন কারণে পেঁয়াজের দাম বাড়ছে। চাহিদার তুলনায় আমদানি কম, যতটুকুই আমদানি হচ্ছে তাতে ব্যবসায়ীরা অতিমুনাফা করছে। অন্যদিকে সোসাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় পেঁয়াজ নিয়ে আলোচনা হওয়ায় এক ধরনের ‘আতঙ্ক’ কাজ করছে। একই পেঁয়াজ একই দোকানে সকালের থেকে বিকেলে বেশি দামে বিক্রি হতে দেখা যাচ্ছে।

এদিকে গত দুই দিনের ব্যবধানে রাজধানীতে চালের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। প্রতি কেজি মিনিকেট চালের দাম বেড়েছে পাঁচ থেকে ছয় টাকা। এছাড়া বিরি-২৮ চালের দাম বেড়েছে প্রতি কেজিতে দুই টাকা। তবে খুচরা দোকানগুলোতে বিরি-২৮ চাল বিক্রি হচ্ছে চার থেকে পাঁচ টাকা বেশি দরে।

ব্যবসায়ীরা জানান, আমন ধানের চাল আসতে আরো এক মাস অপেক্ষা করতে হবে। এই সময়টায় চালের সরবরাহে ঘাটতি দেখা দেয়। মোকাম থেকেই বেশি দামে তাদের চাল কিনতে হচ্ছে। তারা জানান, গত বুধবারের চেয়ে গতকাল শুক্রবার মিনিকেট প্রতি কেজিতে ছয় টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বিরি-২৮ চাল ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে দুই দিন আগে। গতকাল তা বিক্রি হয় ৩৬ থেকে ৩৮ টাকায়। প্রতি কেজি স্বর্ণা ছিল ৩২ টাকায়, গতকাল বিক্রি হয় ৩৫ টাকায়। বুধবার নাজিরশাল ৪৮ টাকায় বিক্রি হলেও গতকাল বিক্রি হয় ৫৪ টাকায়। প্রতি কেজি চিনিগুঁড়া ৮০ টাকা থেকে বেড়ে হয়েছে ৯০ টাকা।রাষ্ট্রায়ত্ত বাণিজ্য সংস্থা টিসিবির দেয়া তথ্যমতে সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম বেড়েছে কেজিতে ৩ টাকা। বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫৮ টাকায়। আর মোটা চাল কেজিতে ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩২ থেকে ৪০ টাকা কেজি দরে।

সবজির বাজারেও চড়াভাব লক্ষ্য করা গেছে। খিলগাঁও কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, প্রতিকেজি সিম বিক্রি হচ্ছে ৭০ টাকা, টমেটো ১০০-১১০ টাকা, বেগুন ৭০ টাকা, গাজর ১০০ টাকায়। এছাড়া ঝিঙ্গা ৬০-৭০ টাকা ও নতুন আলু ১০০ টাকা, পাতাকপি প্রতি পিস ৪০ টাকা, মুলা ৪০-৪৫ টাকা, ঢেঁঢ়স ৬০-৭০ টাকা ও কাঁচা মরিচ ২০০ গ্রাম ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এসবের মধ্যে শশার দাম অন্যদিনের তুলনায় ছিল অনেক বেশি। প্রতিকেজি শশা বিক্রি হচ্ছে ১০০-১৩০ টাকায়। আর পুরনো আলুর দাম কেজিতে ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৮ টাকা কেজি দরে। মাংসের বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি। আর কেজিতে ২০ টাকা বেড়ে দেশি মুরগি বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৫৫০ টাকা কেজি দরে। ডিমের দাম হালিতে এক টাকা কমে বিক্রি হচ্ছে ৩৩ থেকে ৩৫ টাকা। গরু ও খাসির মাংস আগের মতোই রয়েছে।

অপরিবর্তিত রয়েছে মাছের দাম। বাজারে প্রতিকেজি (এক কেজি সাইজ) ইলিশ বিক্রি হচ্ছে ৮০০-৮৫০ টাকায়, ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬৫০-৭০০ টাকা কেজি দরে। এছাড়া কাচকি বিক্রি হচ্ছে ২৫০-৩০০ টাকা, মলা ৩০০-৩৫০ টাকা, ছোট পুঁটি (তাজা) ৪০০-৫০০ টাকা, শিং ৩০০-৫৫০ টাকা, পাবদা ৩০০-৪০০ টাকা, চিংড়ি (গলদা) ৪০০-৬৫০ টাকা, বাগদা ৪৫০-৭০০ টাকা, হরিণা ৩০০-৪৫০ টাকা, রুই (আকারভেদে) ২৫০-৩৫০ টাকা, মৃগেল ২০০-২৮০ টাকা, পাঙ্গাস ১২০-১৩০ টাকা, তেলাপিয়া ১৩০-১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সঙ্কট মোকাবিলায় কার্গো উড়োজাহাজে পেঁয়াজ আমদানি : দেশে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে টিসিবি’র মাধ্যমে সরাসরি তুরস্ক থেকে, এস আলম গ্রæপ মিসর থেকে, বেশ কয়েকটি প্রতিষ্ঠান আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত থেকে জরুরিভিত্তিতে কার্গো উড়োজাহাজে পেঁয়াজ আমদানি করছে। এরইমধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। অতি অল্প সময়ের মধ্যে পর্যাপ্ত পেঁয়াজ বাজারে সরবরাহ করা সম্ভব হবে। এছাড়া সমুদ্র পথে আমদানিকৃত পেঁয়াজ বাংলাদেশের পথে রয়েছে। শিগগিরই পেঁয়াজের বড় চালান বাংলাদেশে এসে পৌঁছাবে। গতকাল শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি ঘূর্ণিঝড় বুলবুলের কারণে টেকনাফ স্থলবন্দর, চট্টগ্রাম সমুদ্রবন্দরসহ বিভিন্ন স্থানে পেঁয়াজ পরিবহনে কয়েকদিনের জন্য সমস্যা হয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ পরিস্থিতি মোকাবিলায় জরুরিভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করা হচ্ছে খুব কম সময়ের মধ্যে পর্যাপ্ত পেঁয়াজ বাজারে চলে আসবে এবং মূল্য স্বাভাবিক হয়ে আসবে।

‘দেশের গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে তৎপর রয়েছে। কেউ পেঁয়াজ অবৈধ মজুত করলে, কারসাজি করে অতি মুনাফা অর্জনের চেষ্টা করলে বা অন্য কোনো উপায়ে বাজারে পেঁয়াজের সঙ্কট সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে। বাজার মনিটরিং করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের বেশ কয়েকটি টিম কাজ করছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাজার অভিযান জোরদার করেছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে উৎপাদিত দেশীয় পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে’।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দাম কম ও সহজ পরিবহনের কারণে ভারত থেকে প্রয়োজনীয় পেঁয়াজ আমদানি করা হয়। ভারতের মহারাষ্ট্র ও অন্য এলাকায় বন্যার কারণে পেঁয়াজের ফলন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কিছুদিন আগে রফতানির ক্ষেত্রে ভারত প্রতি মেট্রিক টন পেঁয়াজের মিনিমাম এক্সপোর্ট প্রাইস (এমইপি) নির্ধারণ করে দেয়। গত ২৯ সেপ্টেম্বর থেকে ভারতীয় কর্তৃপক্ষ পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করে। বিকল্প হিসাবে বাংলাদেশ মিয়ানমার থেকে এলসি এবং বর্ডার ট্রেডের মাধ্যমে প্রয়োজনীয় পেঁয়াজ আমদানি শুরু করেছে। পাশাপাশি মিসর ও তুরস্ক থেকেও এলসি’র মাধ্যমে পেঁয়াজ আমদানি শুরু করা হয়। সম্প্রতি মিয়ানমারও পেঁয়াজের মূল্যবৃদ্ধি করেছে। ফলে বাংলাদেশের বাজারেও এর প্রভাব পড়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজ আমদানিকারক ও ব্যবসায়ীদের নিয়ে অনেকবার সভা করেছে, নিয়মিতভাবে আমদানিকারকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। ব্যবসায়ীদের পেঁয়াজ আমদানি বৃদ্ধি এবং নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনার অনুরোধ করা হয়েছে। প্রতিদিনই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।আমদানিকারকদের উৎসাহিত করতে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এলসি মার্জিন এবং সুদের হার হ্রাস করা হয়েছে। স্থল ও নৌ বন্দরগুলোতে আমদানিকৃত পেঁয়াজ দ্রæত ও অগ্রাধিকার ভিত্তিতে খালাসের জন্য জাতীয় রাজস্ব বোর্ড ও বন্দর কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছে। সে অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে আমদানিকৃত পেঁয়াজ খালাস করা হচ্ছে।

দেশে পেঁয়াজের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে ট্রাক সেলে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি জোরদার করা হয়েছে, ৩৫টি ট্রাকের মাধ্যমে প্রতি কেজি ৪৫ টাকা মূল্যে এ পেঁয়াজ শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিক্রি চলছে। এতে করে স্বল্প আয়ের মানুষ ন্যায্যমূল্যে পেঁয়াজ ক্রয় করার সুযোগ পাচ্ছেন। দেশের বিভিন্ন হাট-বাজারে পেঁয়াজ দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে পৌঁছানোর জন্য সরকার সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। পেঁয়াজ দ্রুত পরিবহন নির্বিঘ্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশে পেঁয়াজ আমদানি নির্বিঘ্ন করতে সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের ৪টি টিম প্রতিদিন ঢাকা শহরের বাজারগুলো মনিটরিং অব্যাহত রেখেছে। জাতীয় ভোক্তা অধিকার অধিদফতরও প্রতিটি জেলা প্রশাসন জেলার বাজারগুলোতে মনিটরিং জোরদার করেছে। ঢাকার শ্যামবাজার ও চট্টগ্রামের খাতুনগঞ্জের মতো বড় পাইকারি বাজারগুলোতে অভিযান জোরদার করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বলা যায়, খুব কম সময়ের মধ্যেই পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৬ নভেম্বর ২০১৯ /এমএম


Array