প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবী বলেছেন, খুলনা থেকে ঢাকায় যাতায়াতের সময় কমাতে আগামী জানুয়ারিতে নতুন একটি বিরতিহীন ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে নতুন কোচ আসার পর মোংলা-ঢাকা রুটেও নতুন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া সাতক্ষীরায় ৩৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে খুলনা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
এ সময় তিনি বলেন, খুলনা-ঢাকা রুটে যাত্রীদের দীর্ঘদিনের চাহিদার কথা বিবেচনা করে বিরতিহীন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, আগামী জানুয়ারিতেই ট্রেনটির চলাচল শুরু হবে। এতে যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে এবং সময় সাশ্রয় হবে।
তিনি আরও বলেন, ভারত থেকে দ্বিতীয় দফায় নতুন কোচ আসার পর খুলনা-ঢাকা রুটের পাশাপাশি মোংলা-ঢাকা রুটেও নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেলযোগাযোগ আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি মোংলা কেন্দ্রিক বাণিজ্যিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে। আলী আসগর লবী জানান, খুলনা বিভাগের আরও তিনটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এর অংশ হিসেবে সাতক্ষীরায় ৩৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
রেলওয়ের লোকসান প্রসঙ্গে তিনি বলেন, রেল খাতকে লাভজনক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। টিকিটের কালোবাজারি বন্ধ, অনিয়ম-দুর্নীতি নিয়ন্ত্রণ, যাত্রীসেবার মান উন্নয়ন এবং আয় বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে রেলওয়ের প্রতি মানুষের আস্থা বাড়বে। পরে খুলনা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন আলী আসগর লবী। এসময় রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৪ নভেম্বর ২০২৬/এএ





