Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন তিনি। তবে এবার তাঁর বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন যেন নতুন মাত্রা পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কথিত বিয়ের কার্ড ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন অভিনেত্রী। সরাসরি কিছু না বললেও তাঁর রহস্যময় মন্তব্যে কৌতূহল বেড়েছে অনুরাগীদের।

সম্প্রতি কলকাতার একটি প্রচারমূলক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মিমি। সেখানে আলোকচিত্রীদের প্রশ্নের মুখে পড়ে বিয়ের কার্ড প্রসঙ্গে কথা বলতে হয় তাঁকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কার্ডে বর-কনের ছবির পাশাপাশি দেখা গেছে তিনটি সারমেয়র ছবি। মিমির পোষ্য চিকু, জুনিয়র-ম্যাক্স ও জাদুর সঙ্গে পরিচিত ভক্তদের কাছে বিষয়টি বিশেষ আগ্রহ তৈরি করেছে।

কার্ডে পোষ্যদের ছবি থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে কিছুটা বিস্ময়ের ভঙ্গিতে পাল্টা প্রশ্ন করেন মিমি, ‘কার বিয়ের কার্ডের কথা বলছো তোমরা?’

এরপর নিজের স্বভাবের কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমি এমন একজন মানুষ, যে কাউকে জীবনে হতাশ করে না। আমি খুব আনন্দপ্রিয়। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো।’

মিমির এমন উত্তরের পর বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়েছে। তবে তিনি বিয়ের বিষয়টি নিশ্চিত করেননি, আবার সরাসরি নাকচও করেননি। ফলে তাঁর মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

টালিউডের বিভিন্ন সূত্রের বরাতে শোনা যাচ্ছে, সিদ্ধার্থ দত্ত নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন অভিনেত্রী। গুঞ্জন অনুযায়ী, চলতি ডিসেম্বরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে তাঁদের। তবে পাত্রের পরিচয়, বিয়ের তারিখ কিংবা আয়োজনের বিষয়ে মিমি বা তাঁর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এর আগে প্রকাশ্যে আসা কথিত বিয়ের কার্ডটিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সেখানে মিমির তিন পোষ্যকে জায়গা দেওয়ার বিষয়টি নজর কেড়েছে। প্রাণীদের প্রতি অভিনেত্রীর ভালোবাসার কথা ভক্তদের অজানা নয়। তাই জীবনের বিশেষ মুহূর্তের সম্ভাব্য আয়োজনেও পোষ্যদের উপস্থিতি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

সব মিলিয়ে মিমির বিয়ে নিয়ে জল্পনা এখন টালিউডের আলোচিত বিষয়গুলোর একটি। তবে গুঞ্জনের অবসান ঘটিয়ে কবে নিজেই সুখবরটি জানাবেন অভিনেত্রী, সেই অপেক্ষাতেই রয়েছেন তাঁর অনুরাগীরা। সূত্র: হিন্দুস্তান টাইমস

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৬ নভেম্বর ২০২৬/এএ


Array